পাঁচ বছর রাজনীতি করতে পারবেন না ইংলাক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইংলাক সিনাওয়াত্রা
ইংলাক সিনাওয়াত্রা

থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী ইংলাক সিনাওয়াত্রাকে অভিশংসনের পক্ষে দেশটির সামরিক জান্তা-সমর্থিত পার্লামেন্টের বেশির ভাগ সদস্য গতকাল শুক্রবার ভোট দিয়েছেন। ফলে তাঁকে পাঁচ বছরের জন্য রাজনীতির বাইরে থাকতে হবে। খবর এএফপি ও বিবিসির।
ধানে ভর্তুকির বিতর্কিত একটি প্রকল্পে দুর্নীতির ঘটনায় ইংলাককে অভিযুক্ত করার পরিকল্পনা ইতিমধ্যে ঘোষণা করেছেন সরকারি কৌঁসুলিরা। দেশটির প্রথম নারী প্রধানমন্ত্রীর বিরুদ্ধে পর পর দুটি বড় ধরনের পদক্ষেপের কারণে তিক্ত রাজনৈতিক বিভক্তি আবারও জোরালো হওয়ার ঝুঁকি রয়েছে। ফৌজদারি অপরাধের অভিযোগে ইংলাককে বিচারের মুখোমুখি হতে হবে বলে প্রধান সরকারি কৌঁসুলি গতকাল ঘোষণা করেছেন। দোষী সাব্যস্ত হলে ইংলাকের ১০ বছর পর্যন্ত সাজা হতে পারে।
সামরিক বাহিনী নিযুক্ত পার্লামেন্টের ২১৯ জন সদস্যের মধ্যে ১৯০ জনই গতকাল ইংলাকের অভিশংসনের পক্ষে ভোট দেন। বিপক্ষে ভোট দেন ১৮ জন আইনপ্রণেতা। একজন অনুপস্থিত এবং বাকিরা ভোটদানে বিরত ছিলেন। রাষ্ট্রীয় টেলিভিশনে ওই ভোটাভুটি সম্প্রচার করা হয়।
ইংলাকের ভাই সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রা বর্তমানে নির্বাসনে রয়েছেন। এই পরিবার ২০০১ সালের পর প্রতিটি নির্বাচনে জয়ী হয়েছে। গ্রামীণ দরিদ্র জনসাধারণের মধ্যে তাঁরা বেশ জনপ্রিয়। কিন্তু দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের জন্য দেশটির শহুরে ও মধ্যবিত্ত অভিজাত শ্রেণি সিনাওয়াত্রা পরিবারকে অপছন্দ করে। বিশেষজ্ঞরা বলছেন, দেশটির রাজতন্ত্রপন্থী অভিজাত শ্রেণি এবং সামরিক বাহিনী রাজনীতিতে সিনাওয়াত্রা পরিবারের প্রভাব কমানোর সর্বশেষ চেষ্টা হিসেবে ইংলাককে অভিশংসিত করেছে। তাঁর প্রধানমন্ত্রিত্ব গত বছরের মে মাসে একটি আদালতের নির্দেশে বাতিল হয়। এর কয়েক দিন পরই তাঁর সরকারকে উৎখাত করে সামরিক বাহিনী।
ইংলাকের নেতৃত্বে পুয়ে থাই পার্টির সরকার কৃষকদের কাছ থেকে বিশ্ববাজারের তুলনায় অনেক বেশি দামে ধান কিনেছিল বলে অভিযোগ রয়েছে। এতে ধানের বিপুল মজুত হয় এবং থাইল্যান্ড থেকে চাল রপ্তানি করা কঠিন হয়ে পড়ে। ইংলাক ও তাঁর দল কৃষকদের ভোট পাওয়ার জন্যই বেশি দামে ধান ক্রয় করে বলে দুর্নীতিবিরোধী তদন্তকারীরা অভিযোগ করেন। কিন্তু ইংলাক দাবি করেন, দরিদ্র গ্রামবাসীকে সহায়তার জন্যই ওই প্রকল্প চালু করা হয়েছিল। আর বেশ কয়েক মাস ধরে সরকারে তাঁর কোনো অবস্থান না থাকায় তাঁকে এখন অভিশংসিত করার সুযোগ নেই।
রাজনীতি থেকে ইংলাককে একেবারে দূরে সরিয়ে দেওয়ার জন্যই অভিশংসন এবং তাঁর বিরুদ্ধে ফৌজদারি অভিযোগ আনা হয়েছে বলে সমর্থকেরা দাবি করছেন। ইংলাকের সমর্থক ‘লাল শার্ট’ বাহিনীর নেতা জতুপর্ন প্রমপান বলেন, ‘ইংলাককে অভিশংসনের ঘটনাটি সর্বোচ্চ পর্যায়ের উসকানির সমতুল্য। আমি সবাইকে সংযত থাকার আহ্বান জানাচ্ছি। এতে উসকানিদাতারা হতাশ হবে। আমাদের আন্দোলন আরও বহুদূর এগিয়ে নিতে হবে।’
‘গণতন্ত্রের মৃত্যু হয়েছে’: ইংলাক সিনাওয়াত্রা গতকাল বলেছেন, ‘জান্তা-নিয়ন্ত্রিত পার্লামেন্টে আমাকে অভিশংসিত করার মধ্য দিয়ে থাইল্যান্ডে আজ গণতন্ত্র ও আইনের শাসনের মৃত্যু হয়েছে। আমাকে ধ্বংস করার চেষ্টা এখনো চলছে এবং আমি এখন তার মুখোমুখি হয়েছি।’
অভিশংসনের পর নিজের ফেসবুক পেজে এ মন্তব্য করেন ইংলাক।