জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) প্রকাশ করা নতুন একটি ভিডিও চিত্রে সিরিয়ায় পাঁচ শিশু গুলি করে পাঁচ কুর্দি বন্দীকে হত্যা করতে দেখা গেছে। এসব শিশুর মধ্যে একটি শ্বেতাঙ্গ শিশুকে দেখা গেছে, যাকে ব্রিটিশ বলে দাবি করেছে আইএস। তবে শিশুটি আসলেই ব্রিটিশ কি না, সে বিষয়টি যুক্তরাজ্য তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেনি।
ভিডিও চিত্রে দেখা যাওয়া শিশুদের বয়স আনুমানিক ১০ থেকে ১৩ বছর। এতে দেখা গেছে, আইএসের হাতে বন্দী হওয়া পাঁচ কুর্দি যোদ্ধাকে কয়েদিদের মতো কমলা রঙের পোশাক পরিয়ে হাঁটু গেড়ে বসিয়ে রাখা হয়েছে। তাঁদের হাত পিঠমোড়া করে বাঁধা। পাঁচ বন্দীর প্রত্যেকের পেছনে দাঁড়ানো পাঁচ শিশুর পরনে ছিল সামরিক পোশাক। মাথায় কালো টুপি।
আবু আল-বারা আল-তিউনিসি (তিউনিসিয়ার নাগরিক) নামের এক শিশু কুর্দি যোদ্ধাদের উদ্দেশে আরবি ভাষায় বক্তব্য দেয়। সে বলতে থাকে কুর্দিদের বিরুদ্ধে আরও সহিংসতা চলবে এবং ‘আসল হামলা’ এখনো শুরুই হয়নি।
ভিডিও চিত্রে দেওয়া ক্যাপশন অনুযায়ী, অন্য শিশুরা হলো আবু ইসহাক আল মাসরি (মিসরের নাগরিক), আবু আবদুল্লাহ আল ব্রিটানি (ব্রিটেন অর্থাৎ যুক্তরাজ্যের নাগরিক), আবু ফারুক আল কুর্দি (কুর্দিস্তানের বাসিন্দা) এবং ইউসুফ আল উজবেকি (উজবেকিস্তানের নাগরিক)। ভিডিও চিত্রে দেখা যায়, আবু আল-বারা আল-তিউনিসির বক্তব্য শেষ হওয়ার পরপরই সবাই একযোগে কোমর থেকে পিস্তল বের করে বন্দীদের মাথায় গুলি করে হত্যা করে।
আইএস তাদের প্রচারণায় এর আগেও শিশুদের ব্যবহার করেছে।