পাইলটের ভুলে বিমানবন্দরে তল্লাশি
পাইলট অসাবধানতাবশত ‘অপহরণের’ বিপৎসংকেত পাঠানোয় ফিলিপাইনের রাজধানী ম্যানিলার বিমানবন্দরে অবতরণের পর সৌদি আরবের রাষ্ট্রীয় এয়ারলাইনস সৌদিয়ার একটি যাত্রীবাহী বিমানে ব্যাপক তল্লাশি অভিযান চালিয়েছে কর্তৃপক্ষ। গতকাল মঙ্গলবার এ ঘটনা ঘটে।
ফিলিপাইনের বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষ এক বিবৃতিতে বলেছে, জেদ্দা থেকে ৪১০ যাত্রী নিয়ে উড়াল দেওয়া বিমানটি নিনয় অ্যাকুইনো আন্তর্জাতিক বিমানবন্দরে স্থানীয় সময় গতকাল বিকেলে অবতরণ করে। এর কিছু আগেই বিমানের চার পাইলটের একজন বিপৎসংকেতটি পাঠান। ফলে অবতরণের সঙ্গে সঙ্গে পুলিশ বিমানটিকে ঘিরে ফেলে ব্যাপক তল্লাশি শুরু করে। পাইলট কেন এই ভুল করলেন, তা জানতে তদন্ত হবে।
দুই ঘণ্টা তল্লাশি শেষে কর্তৃপক্ষ নিশ্চিত হয়, বিপৎসংকেতটি ভুলবশত পাঠানো হয়েছিল। এরপরই আরোহীদের নামতে দেওয়া হয় বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
ম্যানিলার পুলিশপ্রধান অস্কার আলবায়ালদে বলেন, ‘পাইলট নিজের অজান্তে বিমানের জরুরি বাতি জ্বালিয়ে দিয়েছিলেন।’ সৌদি আরবে এয়ারলাইনসটির এক মুখপাত্রও একই কথা বলেছেন।