পাকিস্তানকে সতর্ক করল সংযুক্ত আরব আমিরাত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইয়েমেন সংকট নিয়ে ‘অস্পষ্ট’ অবস্থানের সিদ্ধান্ত নেওয়ায় পাকিস্তানকে ‘চড়া মূল্য’ দিতে হবে বলে সতর্ক করে দিয়েছে সংযুক্ত আরব আমিরাত (ইউএই)। পাকিস্তান গত শুক্রবার ইয়েমেন সংঘাত বিষয়ে নিরপেক্ষ ভূমিকা নেওয়ার সিদ্ধান্ত নেয়। এর প্রতিক্রিয়ায় ইউএই গতকাল শনিবার এ কড়া প্রতিক্রিয়া ব্যক্ত করল।
আমিরাতের পররাষ্ট্র প্রতিমন্ত্রী আনোয়ার মোহাম্মদ গারহাস বলেন, ‘পাকিস্তান এবং তুরস্কের অস্পষ্ট ও বিতর্কিত অবস্থান এটাই প্রমাণ করে যে লিবিয়া থেকে ইয়েমেন পর্যন্ত সব সংকটের দায় কেবল আরব দেশগুলোর ওপরই বর্তায়।’
গারহাস খালিজ টাইমসকে বলেন, ‘অস্পষ্ট অবস্থানের’ জন্য পাকিস্তানকে কঠোর মূল্য দিতে হবে। উপসাগরীয় সহযোগিতা কাউন্সিলের সঙ্গে ‘কৌশলগত সম্পর্কের স্বার্থে’ পাকিস্তানের স্পষ্ট অবস্থান নেওয়া উচিৎ।
সৌদি আরব প্রতিবেশী ইয়েমেনে ক্ষমতা দখলকারী শিয়া হুতি বিদ্রোহীদের উৎখাতে কয়েকটি আঞ্চলিক মিত্র দেশকে নিয়ে যে অভিযান চালাচ্ছে, তাতে পাকিস্তানকে অস্ত্র ও সেনা দিয়ে সহায়তার আহ্বান জানিয়েছিল।
টুইটার বার্তায় আমিরাতের পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, আরব উপদ্বীপ ভয়ংকর সমস্যার মুখোমুখি। আরব উপদ্বীপের প্রকৃত মিত্র এবং গণমাধ্যম ও বিবৃতির মধ্যে সীমাবদ্ধ থাকা মিত্রদের মধ্যে পার্থক্য করার সময় এসেছে। তিনি বলেন, ইসলামাবাদের কাছে আরবদের চেয়ে ইরান বেশি গুরুত্বপূর্ণ বলে মনে হচ্ছে।
এদিকে পাকিস্তানের জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রী ও পাকিস্তান মুসলিম লিগের (পিএমএল-এন) তথ্যসচিব মুসাহিদুল্লাহ খান শুক্রবার আত্মপক্ষ সমর্থন করে বলেন, বিপুলসংখ্যক পাকিস্তানি সেনা এরই মধ্যে সৌদি আরবের পবিত্র স্থান রক্ষায় নিয়োজিত রয়েছে। এক সংবাদ সম্মেলনে মুসাহিদুল্লাহ বলেন, ‘পাকিস্তান ইয়েমেনে সেনা পাঠাবে না। তবে ধর্মীয় দায়িত্ব হিসেবে আমাদের সেনারা সৌদি আরবের সীমিত অঞ্চলে এবং পবিত্র স্থানগুলোতে নিরাপত্তা দেবে।’