ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বুধবার বলেছিলেন, সব ঠিক হয়ে যাবে। গতকাল বৃহস্পতিবার তিনি বললেন, ‘পাকিস্তানের অস্ত্রবিরতি লঙ্ঘনের জবাব আমরা সাহসের সঙ্গে দিচ্ছি।’ মোদির বক্তব্যের প্রতিধ্বনি শোনা গেল প্রতিরক্ষামন্ত্রী অরুণ জেটলির কণ্ঠেও। অসুস্থতা কাটিয়ে ঘরে ফিরে তিনিও পাকিস্তানের উদ্দেশে বললেন, এই ‘অ্যাডভেঞ্চার’ বহাল রাখলে তাদের কঠিন মূল্য দিতে হবে।
জম্মু-কাশ্মীরের আন্তর্জাতিক সীমান্তে ভারত ও পাকিস্তানের মধ্যে গত কয়েক বছরের মধ্যে মারাত্মক এ সংঘর্ষ গতকালও অব্যাহত ছিল। ভারতে অন্তত আটজন সাধারণ মানুষের প্রাণহানি হয়েছে। আহত প্রায় ৫০ জন। পাকিস্তানের পক্ষে নিহত সাধারণ মানুষের সংখ্যা নয়।
ভারতে জম্মুর সীমান্তবর্তী বিস্তীর্ণ এলাকা থেকে অন্তত ২০ হাজার মানুষকে নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হয়েছে। ভারতের স্বরাষ্ট্রসচিব গতকাল জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) প্রধানের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, পাকিস্তান গোলাগুলি বন্ধ না করলে ভারত তাদের ‘উপযুক্ত শিক্ষা’ দিয়ে যাবে। ভারতের দিক থেকে কোনো ফ্ল্যাগ মিটিংয়ের অনুরোধও জানানো হবে না বলে ঠিক হয়েছে।
জম্মুর হাসপাতালে চিকিৎসাধীন আহত ভারতীয় জওয়ানেরা জানিয়েছেন, পাকিস্তান একটা গুলি ছুড়লে তাঁরা তিনটি পাল্টা গুলি ছুড়ছেন। স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং জানিয়ে দিয়েছেন, বিএসএফকে কঠোরভাবে এর মোকাবিলা করতে বলা হয়েছে। ভারতীয় সূত্র অনুযায়ী, ডিরেক্টর জেনারেল অব মিলিটারি অপারেশনস (ডিজিএমও) পর্যায়ে কোনো বৈঠকের সম্ভাবনা এখনই নেই।
অন্যদিকে পাকিস্তানের পক্ষ থেকেও আক্রান্ত হওয়ার অভিযোগ করা হচ্ছে। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, সীমান্তের এ উত্তেজনা সংঘাতে রূপ নিক তা তারা চায় না। তবে ভারতের ‘আগ্রাসনের যথাযথ জবাব’ দেওয়ার ক্ষমতা তাদের রয়েছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের উপদেষ্টা সাবেক কূটনীতিক সারতাজ আজিজ বলেছেন, তাঁরা ভারতের আচরণে বিস্মিত। জানা গেছে, প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ আজ পরিস্থিতি নিয়ে শীর্ষ সেনা কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন।
কয়েক দিন ধরে দুই পক্ষের মধ্যে যা চলছে, তা নিয়ে প্রধানমন্ত্রী প্রথমে কিছু বলেননি। বুধবার সেনাপ্রধানসহ হোমরাচোমরাদের সঙ্গে বৈঠকের পর তাঁর সংক্ষিপ্ত মন্তব্য ছিল, ‘সব ঠিক হয়ে যাবে’। গতকাল আরও এক ধাপ এগিয়ে তিনি বললেন ‘সাহসী জবাব’ দেওয়ার কথা। কিন্তু সেই সঙ্গে বিষয়টি নিয়ে রাজনীতি না করার পরামর্শও দিয়েছেন সবাইকে। মহারাষ্ট্রে এক নির্বাচনী জনসভায় নরেন্দ্র মোদি বলেন, এটা এমন একটা ঘটনা, যা নিয়ে রাজনীতি করা উচিত নয়। অথচ কোনো কোনো দল তা করছে। এটা নিতান্তই দুঃখের।
রাজনীতির প্রসঙ্গটি উঠেছে, কারণ বিদেশ থেকে ফিরে প্রধানমন্ত্রী মোদি বেশি সময় দিচ্ছেন মহারাষ্ট্র ও হরিয়ানার বিধানসভা নির্বাচনের প্রচারে। তা নিয়ে কংগ্রেস তো বটেই, মিত্র শিবসেনাও প্রধানমন্ত্রীকে রীতিমতো সমালোচনার মুখে ফেলেছে। শিবসেনার প্রধান উদ্ধব ঠাকরে কদিন আগেই মোদির উদ্দেশে বলেছিলেন, প্রধানমন্ত্রী মহারাষ্ট্রকে ভাঙার চেষ্টা না করে বরং দেশের সীমান্তের দিকে নজর দিন। কংগ্রেসও অস্ত্রবিরতি লঙ্ঘন নিয়ে সমালোচনায় মুখর। তাদের অভিযোগ, প্রধানমন্ত্রী ভ্রুক্ষেপহীন।
আলোচনায় উঠে এসেছে অভ্যন্তরীণ ইস্যুও। বিজেপি ছোট রাজ্যের পক্ষে। মহারাষ্ট্রের অন্তর্ভুক্ত বিদর্ভ অঞ্চল নিয়ে পৃথক রাজ্য গঠনের দাবি দীর্ঘদিনের। আবার দলটির একাংশ মুম্বাইকে মহারাষ্ট্র থেকে পৃথক করার পক্ষপাতী। এই নির্বাচনে রাজ্যে কোনো জোট না হওয়ায় শিবসেনা ও মহারাষ্ট্র নবনির্মাণ সেনা এই প্রশ্নে বিজেপিকে বিদ্ধ করছে। এই সমালোচনার মুখেই প্রধানমন্ত্রী, প্রতিরক্ষামন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী একযোগে সীমান্তে সংঘর্ষ নিয়ে একই দিনে মুখ খুললেন।