পাকিস্তানে নিহতের সংখ্যা বেড়ে ১৪৭
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শক্তিশালী ভূমিকম্পে পাকিস্তানে নিহতের সংখ্যা বেড়ে ১৪৭ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছে কয়েক শ ব্যক্তি। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ভারতের এনডিটিভির অনলাইন সংস্করণে এ খবর জানানো হয়েছে।
আজ সোমবার পাকিস্তানের জাতীয় দৈনিক ডনের অনলাইন সংস্করণের খবরে জানানো হয়, প্রথমে সাড়ে সাত মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এরপর ওই এলাকায় ৪ দশমিক ৮ তীব্রতার আরেকটি ভূকম্পন অনুভূত হয়।
পাকিস্তানের করাচি, লাহোর, ইসলামাবাদ, রাওয়ালপিন্ডি, কোয়েটা, কোহাত ও মালাকান্দসহ উত্তরাঞ্চলে শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এতে অনেক ভবন ও বাড়ি ধসে পড়েছে। এ ছাড়া পাহাড়ি এলাকায় ভূমিধসের ঘটনা ঘটেছে।
পাকিস্তানের সোয়াতের একটি হাসপাতালে ভূমিকম্পে আহত ১৯৪ জন এবং পেশোয়ারের আরেকটি হাসপাতালে শতাধিক আহত ব্যক্তিকে ভর্তি করা হয়েছে বলে প্রাথমিক খবরে জানানো হয়।