
পাকিস্তানের পেশোয়ারে সেনাবাহিনী পরিচালিত একটি স্কুলে গত ডিসেম্বরে তালেবান জঙ্গিদের হামলায় ১৩২ শিক্ষার্থীসহ দেড় শর বেশি মানুষ নিহত হয়েছিল। সে ঘটনার পরপর দেশটিতে মৃত্যুদণ্ড কার্যকরের ওপর আরোপিত স্থগিতাদেশ তুলে নেওয়া হয়। এরপর থেকে এ সময়ের মধ্যেই অন্তত ১৫৪ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। ফাঁসিতে ঝোলার অপেক্ষায় কারাগারে আছে আরও ৮ হাজার ২০০ আসামি।
মৃত্যুদণ্ড কার্যকরের তালিকায় থাকা আসামিদের অধিকাংশই পুরুষ। এদের অনেকেই সন্ত্রাসবাদী হিসেবে অভিযুক্ত। তবে খুনখারাবির মতো জঘন্য অপরাধে অভিযুক্তের সংখ্যাও কম নয়। আছে ধর্ম অবমাননার অপরাধীও। এ অপরাধের জন্য পাঁচ বছর ধরে মৃত্যুদণ্ড মাথায় নিয়ে বন্দী আছেন পাঞ্জাবের দরিদ্র মহিলা আসিয়া বিবি। পাঁচ সন্তানের জননী খ্রিষ্টধর্মাবলম্বী আসিয়া অবশ্য জোরের সঙ্গেই এই অপরাধ করার কথা অস্বীকার করে আসছেন।
পাকিস্তানে সন্ত্রাসী কর্মকাণ্ড, ধর্ষণ, ব্যভিচারসহ ২৭টি অপরাধে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দেওয়া হয়। ‘জাস্টিস প্রজেক্ট পাকিস্তান’-এর তথ্য অনুযায়ী, মৃত্যুদণ্ডপ্রাপ্ত বেশির ভাগ আসামিই প্রাণঘাতী অপরাধে জড়িত ছিল। তবে প্রাণঘাতী অপরাধ করেনি, এমন অনেক আসামিকেও ফাঁসির দণ্ড দেওয়া হয়েছে। পাঞ্জাবে এমন আসামির সংখ্যা ২২৬। পাকিস্তানের মানবাধিকারকর্মীদের উদ্বেগের একটি কারণ হলো, দেশটিতে মৃত্যুদণ্ড দেওয়া অন্তত এক হাজার আসামিই অপ্রাপ্তবয়স্ক। আন্তর্জাতিক আইনে এবং এমনকি পাকিস্তানের প্রচলিত আইনেও যা নিষিদ্ধ। তবে এটাও ঠিক, দেশটিতে কারও সঠিক বয়স নির্ণয় করা কঠিন। বিশেষ করে দরিদ্র লোকজনের তো বটেই। কারণ, এদের অনেকের জন্মনিবন্ধনই করা হয় না।
১৯৯২ সালের এক খুনের ঘটনায় গতকাল বুধবার আফতাব বাহাদুর মসিহ নামের এক পাকিস্তানির মৃত্যুদণ্ড কার্যকর হয়। আন্তর্জাতিক মানবাধিকারকর্মীদের দাবি, হত্যার ওই ঘটনার সময় আফতাব ছিলেন অপ্রাপ্তবয়স্ক। অভিযোগ রয়েছে, আটকের পর শারীরিক নির্যাতন করে ওই খুনের ঘটনায় জড়িত থাকার বিষয়ে আফতাবের কাছ থেকে স্বীকারোক্তিমূলক জবানবন্দি নেওয়া হয়।
মঙ্গলবার শাফকাত হোসেন নামের আলোচিত আরেকজনের মৃত্যুদণ্ড কার্যকরের মাত্র কয়েক ঘণ্টা আগে তা সাময়িক স্থগিত করেন সুপ্রিম কোর্ট। ২০০৪ সালে সাত বছরের এক শিশুকে অপহরণের পর হত্যার অপরাধে তাকে ওই মৃত্যুদণ্ড দেওয়া হয়। এর বিরুদ্ধে আপিল করা হলে গতকাল বুধবার সকালে তা খারিজ করে দেন দেশটির সর্বোচ্চ এই আদালত। ফলে শাফকাতকেও হয়তো যেকোনো দিন ফাঁসির রজ্জুতে ঝুলতে হবে।
পেশোয়ারের স্কুলে তালেবানের হত্যাযজ্ঞের পর গণরোষের মুখে প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ মৃত্যুদণ্ড কার্যকরের ওপর নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ঘোষণা দেন। জাতিসংঘ ও মানবাধিকার সংগঠনগুলো তখন তাঁর এই পদক্ষেপের কঠোর সমালোচনা করে।