পাকিস্তানের পক্ষ নিল চীন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যখন ব্রিকস সম্মেলনে পাকিস্তানকে ‘সন্ত্রাসবাদের আঁতুড়ঘর’ বললেন, চীন তখন তাদের দীর্ঘদিনের মিত্র পাকিস্তানের পক্ষ নিল। বৈরী প্রতিবেশী পাকিস্তানকে কূটনৈতিকভাবে কোণঠাসা করার লক্ষ্যেই মোদি ব্রাজিল, রাশিয়া, চীন ও দক্ষিণ আফ্রিকার নেতাদের উপস্থিতিতে গত রোববার ওই আক্রমণাত্মক মন্তব্য করেন।
চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হুয়া চুনইং মোদির ওই মন্তব্যের ব্যাপারে এক প্রশ্নের জবাবে বলেন, বেইজিং সব ধরনের সন্ত্রাসের বিরুদ্ধে এবং সন্ত্রাস দমনের লক্ষ্যে আন্তর্জাতিক সম্প্রদায়কে সহযোগিতা বাড়াতে হবে। তিনি আরও বলেন, ‘সন্ত্রাসবাদকে সুনির্দিষ্ট কোনো দেশ, জাতি বা ধর্মের সঙ্গে জড়িয়ে ফেলার বিরোধিতাও করি আমরা। এ ব্যাপারে চীনের অবস্থান অটল। সবাই জানে ভারত ও পাকিস্তান সন্ত্রাসের শিকার হয়েছে। সন্ত্রাসবিরোধী লড়াইয়ের জন্য অনেক প্রচেষ্টা চালিয়েছে এবং বিশাল ত্যাগ স্বীকার করেছে। আমি মনে করি, আন্তর্জাতিক সম্প্রদায়ের এটাকে সম্মান দেখানো উচিত।’
চীন ও পাকিস্তান ‘যেকোনো পরিস্থিতিতে’ পরস্পরকে বন্ধু মনে করে। কূটনৈতিক, অর্থনৈতিক ও নিরাপত্তা নিয়ে দুটি দেশের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে।
পাকিস্তানের প্রতিক্রিয়া: পাকিস্তানের প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা সারতাজ আজিজ গত রোববার মোদির ওই পাকিস্তানবিরোধী বক্তব্যের তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি বলেন, ‘সন্ত্রাসবিরোধী নানা প্রচেষ্টা এবং অন্য দেশকে দায়ী করে ইঙ্গিত করার কোনো নৈতিক ভিত্তি ভারতের নেই। কারণ, তারা সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষকতা করছে এবং পাকিস্তানি ভূখণ্ডে সন্ত্রাসের জন্য অর্থায়ন করছে।’