পাঠানকোট হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাঞ্জাবের পাঠানকোটের বিমান ঘাঁটিতে সন্ত্রাসী হামলার দুদিন না যেতেই আফগানিস্তানে ভারতীয় কনস্যুলেটে জঙ্গি হামলা হলো। আফগানিস্তানের উত্তরের শহর মাজার-ই-শরিফে গতকাল রোববার সন্ধ্যার পরে এই হামলার সময় নিরাপত্তাবাহিনীর গুলিতে দুজন সন্ত্রাসী নিহত হয়েছে বলে জানা গেছে।
এদিকে, পাঠানকোটের হামলায় নিহত ব্যক্তির সংখ্যা গতকাল বেড়ে ১১ জনে দাঁড়িয়েছে। শুক্রবার ভোররাতে হামলার পর দুই সশস্ত্র সন্ত্রাসী ঘাঁটি এলাকায় রয়ে গেছে—এমন ধারণায় গতকাল রাত পর্যন্ত তাদের সন্ধানে নিরাপত্তা বাহিনীর অভিযান চলছিল। এই অভিযানের সময় গতকাল সকালে বিস্ফোরণে একজন লেফটেন্যান্ট কর্নেল নিহত হন। আর আগের দিন আহত তিন সেনাসদস্য মারা যান গতকাল। খবর এনডিটিভির।
ভারতীয় কনস্যুলেটের একজন কর্মকর্তা বার্তা সংস্থা এএফপিকে কনস্যুলেটে হামলার খবর দিয়ে টেলিফোনে বলেন, ‘আমরা আক্রান্ত হয়েছি। লড়াই চলছে।’ ওই কর্মকর্তা জানান, কনস্যুলেটের সব কর্মকর্তা-কর্মচারী নিরাপদে আছেন।
আফগানিস্তানের বালখ প্রদেশের গভর্নরের মুখপাত্র মুনির আহমেদ ফরহাদ বলেন, সন্ত্রাসীরা কনস্যুলেটের কাছের একটি বাড়িতে লুকিয়ে ছিল। দিনের আলো নিভে আসতেই তারা হামলা চালায়। হামলায় চারজন অংশ নেয় বলে জানা গেছে। সন্ত্রাসীরা কনস্যুলেটের ভেতরে ঢোকার চেষ্টা করে। তবে এখন পর্যন্ত তারা ঢুকতে পারেনি। নিরাপত্তা বাহিনীর সদস্যরা লড়াই চালিয়ে যাচ্ছেন।
আফগানিস্তানে ভারতীয় কোনো স্থাপনায় হামলার সর্বশেষ ঘটনা এটি। এর আগে ২০১৩ সালের আগস্ট মাসে আফগান শহর জালালাবাদে ভারতীয় কনস্যুলেটে গাড়িবোমা হামলায় সাত শিশুসহ নয়জন নিহত হয়।
এদিকে পাঞ্জাবের পাঠানকোটে বিমানঘাঁটিতে শুক্রবার শেষ রাতে শুরু হওয়া হামলার সময় সামরিক পোশাক পরা কয়েকজন সন্ত্রাসীর সঙ্গে নিরাপত্তা বাহিনীর সদস্যদের লড়াইয়ে চার সন্ত্রাসী ও তিন সেনাসদস্য নিহত হন বলে প্রাথমিক খবরে জানা গিয়েছিল।
গতকাল ভারতীয় কর্মকর্তাদের বরাত দিয়ে এএফপির খবরে বলা হয়, পাকিস্তান সীমান্তের কাছাকাছি ওই বিমানঘাঁটিতে হামলা ও সংঘর্ষের ঘটনায় আহত সেনাদের মধ্যে আরও তিনজন মারা গেছেন। গতকাল একজন লেফটেন্যান্ট কর্নেল নিহত হন তল্লাশি অভিযানের সময় বিস্ফোরণের ঘটনায়। বোমা নিষ্ক্রিয় করার সময় বিস্ফোরণ ঘটে নিরঞ্জন কুমার নামে জাতীয় নিরাপত্তা বাহিনীর (এনএসজি) ওই কর্মকর্তা নিহত হন। এ নিয়ে ঘটনাটিতে নিহত ভারতীয় সেনার সংখ্যা বেড়ে দাঁড়াল সাতজনে।
টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়, সব মিলিয়ে পাঁচজন সন্ত্রাসী নিহত হয়েছে। তবে গতকাল ভারতের স্বরাষ্ট্রসচিব রাজীব মহর্ষি সংবাদ সম্মেলনে চারজন সন্ত্রাসী নিহত হওয়ার কথা নিশ্চিত করেন।
এয়ার মার্শাল অনিল খোশলাকে উদ্ধৃত করে এনডিটিভিতে বলা হয়, ‘আমরা সকালে (রোববার) বুঝতে পারি, ঘাঁটিতে আরও দুই সন্ত্রাসী রয়ে গেছে। তাদের বিরুদ্ধে অভিযান অব্যাহত আছে। আমাদের অভিযান প্রায় শেষ পর্যায়ে। তবে সন্ত্রাসীদের লাশ পাওয়ার পরই নিশ্চিত তথ্য জানানো যাবে।’
হামলার শিকার পাঠানকোট বিমানঘাঁটিতে রয়েছে বেশ কিছুসংখ্যক মিগ-২১ ও মিগ-২৯ যুদ্ধবিমান এবং হেলিকপ্টার। পাকিস্তান সীমান্ত থেকে মাত্র ৫০ কিলোমিটার দূরে অবস্থিত হওয়ায় কৌশলগত দিক থেকেও এই ঘাঁটি গুরুত্বপূর্ণ। কোনো সংগঠন গতকাল পর্যন্ত হামলার দায় স্বীকার না করলেও ধারণা করা হচ্ছে, পাকিস্তানভিত্তিক জঙ্গি সংগঠন জয়শ-ই-মোহাম্মদ এ হামলা চালায়।
উদ্ভূত পরিস্থিতি নিয়ে আলোচনা করতে গতকাল ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ পাকিস্তানে নিযুক্ত ছয় সাবেক ভারতীয় হাইকমিশনারের সঙ্গে বৈঠক করেন। তাঁদের মধ্যে পাকিস্তানে নিযুক্ত হাইকমিশনার হিসেবে গত মাসে অবসর নেওয়া টিসিএ রাঘবন ছিলেন। প্রতিরক্ষামন্ত্রী মনোহর পারিকর গতকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে সার্বিক ঘটনা তুলে ধরেন।
যুক্তরাষ্ট্র এ হামলাকে ‘ঘৃণ্য সন্ত্রাসী কর্মকাণ্ড’ বলে আখ্যায়িত করেছে। হামলায় জড়িত ব্যক্তিদের খুঁজে বের করতে বৈরী প্রতিবেশী ভারত ও পাকিস্তানকে একযোগে কাজ করারও আহ্বান জানিয়েছে দেশটির পররাষ্ট্র দপ্তর। শনিবার পাকিস্তানও এ ঘটনার নিন্দা জানিয়ে হতাহতদের পরিবারকে সমবেদনা জানায়।
সম্প্রতি প্রতিবেশী পাকিস্তানের সঙ্গে ভারতের সম্পর্কে যে উন্নতির ধারা দেখা যাচ্ছিল, তা এ হামলার ঘটনায় হুমকিতে পড়েছে। পাকিস্তানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির চমক সৃষ্টি করা আকস্মিক সফরের মাত্র এক সপ্তাহ পরই হামলার ঘটনাটি ঘটল।