পানশির দখলের দাবি দুই পক্ষেরই
আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় প্রদেশ পানশির উপত্যকার নিয়ন্ত্রণ নিয়ে তালেবান এবং বিরোধীদের মধ্যে তুমুল লড়াই চলছে। তবে এরই মধ্যে বিদ্রোহী ন্যাশনাল রেজিস্ট্যান্স ফ্রন্ট (এনআরএফ) দাবি করেছে, শত শত তালেবান যোদ্ধা তাদের হাতে আটক হয়েছে।
আজ রোববার এনআরএফ জানায়, খাওয়াক পাসে তারা ‘শত্রুপক্ষের হাজারো সদস্যকে’ ঘিরে রেখেছে। এ ছাড়া দাস্তে রেওয়াক এলাকায় তালেবান তাদের গাড়ি ও অস্ত্র ফেলে যেতে বাধ্য হয়েছে।
আল-জাজিরার কাবুলভিত্তিক প্রতিনিধি চার্লস স্টার্টফোর্ড ঘটনাস্থলের সূত্রের বরাত দিয়ে জানিয়েছেন, আজ শতাধিক তালেবান যোদ্ধাকে বন্দী করে কারাগারে নেওয়া হয়েছে। স্টার্টফোর্ড বলেন, উপত্যকার কয়েকটি সূত্র বলেছে, এনআরএফ দাবি করেছে তারা প্রায় দেড় হাজার তালেবান যোদ্ধাকে আটক করেছে। তাদের ঘিরে রাখা হয়েছিল।
এনআরএফের মুখপাত্র ফাহিম দাস্তি টুইটারে লিখেছেন, প্রায়ান জেলাকে প্রায় তালেবানশূন্য করা হয়েছে। পালানোর পথ বন্ধ করে দেওয়ার পর প্রায় এক হাজার তালেবান যোদ্ধাকে হত্যা বা আহত করা হয়েছে অথবা বন্দী করা হয়েছে।
তবে তালেবান মুখপাত্র বিলাল কারিমি টুইট করে বলেন, তাঁদের বাহিনী প্রদেশটির সাতটি জেলার মধ্যে খিঞ্জ, ওনবাহ জেলাসহ পাঁচটি অবরুদ্ধ করে রেখেছে। মুজাহিদিনরা এখন প্রদেশের কেন্দ্রের দিকে এগোচ্ছে।
গত ১৫ আগস্ট তালেবানের হাতে কাবুলের পতন হলেও আফগানিস্তানের সর্বশেষ এ উপত্যকা বিদ্রোহী এনআরএফের দখলে। এখন দুই পক্ষই পানশির নিজেদের দখলে বলে দাবি করছে। কিন্তু কেউই তেমন জোরালো প্রমাণ হিসেবে অকাট্য দলিল দাখিল করতে পারছে না। ১৯৯৬ থেকে ২০০১ সাল পর্যন্ত তালেবান শাসনের সময়ও এই উপত্যকায় তাদের নিয়ন্ত্রণ ছিল না।
বর্তমান পরিস্থিতিতে দেশটি গৃহযুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন মার্কিন সেনাদের সর্বোচ্চ পদধারী জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান মার্ক মিলি। জার্মানিতে রামস্টেইন এয়ার বেস থেকে ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তালেবান ক্ষমতাকে দৃঢ় করতে ও সরকার গঠন করতে পারবে কি না, তা নিয়েও তিনি সংশয় প্রকাশ করেছেন।
রয়টার্সের খবরে বলা হয়, ইতালিয়ান মেডিকেল সহায়তাদানকারী সংস্থা ইমার্জেন্সি জানায়, তালেবান বাহিনী গত শুক্রবার রাতে পানশির উপত্যকার দিকে আরও এগিয়ে এসেছে। তারা আনবাহ জেলার গ্রামে পৌঁছে গেছে। সেখানে এই সংস্থার স্বাস্থ্যসেবা কার্যক্রম রয়েছে।
ইমার্জেন্সি এক বিবৃতিতে জানায়, ‘আনবাহ সার্জিকেল সেন্টারে আমরা কয়েকজন আহত ব্যক্তিকে চিকিৎসা দিয়েছি। সেখান থেকে সম্প্রতি বহু মানুষ পালিয়েছে।’