পানশিরে তালেবানের বিরুদ্ধে লড়াই চলবে: রেজিস্ট্যান্স ফ্রন্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পানশিরের দখল নিতে তালেবান ও এনআরএফের মধ্যে কদিন ধরে তীব্র লড়াইয়ের খবর পাওয়া যায়
ছবি: এএফপি

আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় পানশির উপত্যকা পুরোপুরি দখলে নেওয়ার যে দাবি তালেবান করেছে, তা অস্বীকার করেছেন প্রতিরোধযোদ্ধারা। একই সঙ্গে তাঁরা বলেছেন, তালেবানের বিরুদ্ধে লড়াই চলবে। আজ সোমবার বিবিসি অনলাইনের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

পানশিরে তালেবানবিরোধী প্রতিরোধযুদ্ধ করে আসছে ন্যাশনাল রেজিস্ট্যান্স ফ্রন্ট (এনআরএফ)। তালেবানের দাবি সম্পর্কে এনআরএফের মুখপাত্র আলি মাইসাম বিবিসিকে বলেন, ‘এটা সত্য নয়, তালেবান পানশির দখল করতে পারেনি। আমি তালেবানের দাবি প্রত্যাখ্যান করছি।’

এনআরএফের পক্ষ থেকে এক টুইটার পোস্টে দাবি করা হয়েছে, তালেবানবিরোধী লড়াই অব্যাহত রাখার জন্য পানশির উপত্যকাজুড়ে সব কৌশলগত অবস্থানে এনআরএফ বাহিনীর উপস্থিত রয়েছে।

এনআরএফের পক্ষ থেকে বলা হয়েছে, ‘আমরা আফগান জনগণকে আশ্বস্ত করছি যে ন্যায়বিচার ও স্বাধীনতা নিশ্চিত না হওয়া পর্যন্ত তালেবান ও তাদের সহযোগীদের বিরুদ্ধে লড়াই চলবে।’

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে দেখা যায়, স্থানীয় প্রাদেশিক গভর্নরের কম্পাউন্ডের ফটকের সামনে তালেবান যোদ্ধারা দাঁড়িয়ে আছেন। তবে এসব ছবির সত্যতা যাচাই করা যায়নি।

বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে জানানো হয়, আজ পানশির উপত্যকা পুরোপুরি দখলে নেওয়ার দাবি করে তালেবান। তালেবানের প্রধান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ এক বিবৃতিতে দাবি করেন, পানশির উপত্যকায় প্রতিরোধযোদ্ধাদের নিয়ন্ত্রণে থাকা শেষ স্থানটুকুও তালেবান দখল করে নিয়েছে। এই বিজয়ের মাধ্যমে আফগানিস্তানকে যুদ্ধভূমি থেকে পুরোপুরি বের করে নিয়ে আসা হয়েছে।

তালেবান ও এনআরএফের দাবির সত্যতা নিরপেক্ষ কোনো সূত্র থেকে যাচাই করতে পারেনি বিবিসি ও বার্তা সংস্থা এএফপি।

গত ১৫ আগস্ট তালেবানের হাতে আফগানিস্তানের রাজধানী কাবুলের পতন হয়। ৩১ আগস্ট কাবুল ত্যাগ করে সর্বশেষ মার্কিন সেনা। এর মধ্য দিয়ে শেষ হয় যুক্তরাষ্ট্রের ইতিহাসের দীর্ঘতম যুদ্ধ।

তালেবান কাবুল নিয়ন্ত্রণে নেওয়ার পর পার্বত্য এলাকা পানশিরে স্থানীয় নেতা আহমেদ মাসুদের নেতৃত্বে তালেবানবিরোধী প্রতিরোধযুদ্ধ গড়ে তোলা হয়। সেখানে মাসুদের নেতৃত্বাধীন মিলিশিয়াদের সঙ্গে আফগান সামরিক বাহিনীর কমান্ডারদের একাংশ মিলে গঠন করা হয় এনআরএফ।

৩২ বছর বয়সী মাসুদ পানশিরের প্রয়াত গেরিলা কমান্ডার আহমদ শাহ মাসুদের ছেলে। কয়েক দশক আগে সাবেক সোভিয়েত বাহিনী ও পরে (১৯৯৬-২০০১) তালেবানের বিরুদ্ধে লড়াই করে ‘পানশিরের সিংহ’ বলে পরিচিতি পেয়েছিলেন আহমদ শাহ মাসুদ।

তালেবান আবার ক্ষমতায় আসার পর দুই পক্ষের মধ্যে সমঝোতা আলোচনা চলছিল। তবে তাতে সমাধান আসেনি। ফলে তালেবান যুদ্ধের পথ বেছে নেয়।

অবশ্য দিন কয়েক আগেই তালেবান দাবি করেছিল, তারা পানশির নিয়ন্ত্রণে নিয়েছে। তখনো তালেবানের দাবি নাকচ করে এনআরএফ। তবে পরে খবর আসে, পানশিরে এনআরএফের প্রতিরোধযোদ্ধাদের সঙ্গে তালেবানের তুমুল লড়াই চলছে। পরে তালেবান দাবি করে, তাদের যোদ্ধারা পানশিরের রাজধানীতে ঢুকে পড়েছেন।

পানশিরে তালেবানের বিরুদ্ধে লড়াইয়ে এনআরএফের এক জ্যেষ্ঠ সদস্য ও মুখপাত্র নিহত হয়েছেন বলে খবর বেরিয়েছে। আজ এনআরএফের পক্ষ থেকে এ তথ্যের সত্যতা নিশ্চিত করা হয়।

এনআরএফের বরাত দিয়ে আফগানিস্তানের সামা নিউজ জানায়, তালেবানের আগ্রাসনের বিরুদ্ধে প্রতিরোধযুদ্ধে এনআরএফ দুই সহযোদ্ধাকে হারিয়েছে। তাঁরা হলেন এনআরএফের মুখপাত্র ফাহিম দাশতি ও জেনারেল আবদুল ওয়াদুদ জারা। তিনি এনআরএফের নেতা আহমেদ মাসুদের ভাগনে।

এনআরএফ নেতা আহমেদ মাসুদ গতকাল রোববার বলেছিলেন, দীর্ঘস্থায়ী শান্তির জন্য তাঁরা লড়াই বন্ধে প্রস্তুত। তবে শর্ত হলো তালেবানকেও সামরিক পদক্ষেপ বন্ধ করতে হবে। যুদ্ধবিরতির পাশাপাশি তালেবানের সঙ্গে আলোচনার ব্যাপারেও রাজি বলে জানিয়েছিলেন মাসুদ।