পান্ডার এক কামড়ের ক্ষতিপূরণ ৬৪ লাখ টাকা!

চীনে বন্য এক পান্ডা এক ব্যক্তিকে কামড়ে দিয়েছিল। এরপর ওই ব্যক্তি স্থানীয় সরকার কর্তৃপক্ষের বিরুদ্ধে আদালতে মামলা ঠুকে দেন। শেষ পর্যন্ত মামলায় বিজয়ী হয়ে ওই ব্যক্তি প্রায় ৮৩ হাজার মার্কিন ডলার ক্ষতিপূরণ পেয়েছেন; যা বাংলাদেশি টাকায় ৬৪ লাখ ৭৮ হাজার টাকারও বেশি।
বার্তা সংস্থা এএফপির খবরে আজ সোমবার জানানো হয়, শান্ত স্বভাবের জন্য পান্ডা আদুরে প্রাণী হিসেবে সুপরিচিত। কিন্তু ভালুক গোত্রের প্রাণী হওয়ায় পান্ডা ভয়ংকর কামড় দিতে পারে।
লানঝু ইভিনিং নিউজ নামের একটি পত্রিকায় আক্রান্ত ওই ব্যক্তি কুয়ান জানান, চীনের উত্তর-পশ্চিমাঞ্চলের গনসু প্রদেশের লিজিবা গ্রামে ওই পান্ডাটি ঢুকে পড়ে। তখন স্থানীয় কর্তৃপক্ষ ধরতে ধাওয়া করলে সেটি গুয়ান কুয়ানঝি এলাকায় চলে যায়।
কুয়ান বলেন, ‘আমি দেখলাম, আচমকা একটি পান্ডা আমার সামনে ঝাঁপিয়ে পড়ল। তখন এর পুরো শরীর ছিল মাটিতে মাখা।’ তাঁর দাবি, পান্ডাটি তাঁর পায়ে কামড়ে ধরে। এরপর একজন এসে পান্ডাটির মাথা কোট দিয়ে ঢেকে দিলে তখন পা ছেড়ে দেয়। এরপর তাঁর পায়ে সাত ঘণ্টা ধরে অস্ত্রোপচার করা হয়।
কুয়ানের আইনজীবীর ভাষ্য, এ ঘটনার পর কুয়ানের পক্ষে তাঁর ছেলে স্থানীয় বাইশুইজিয়ান ন্যাশনাল ন্যাচার রিজার্ভের বন বিভাগের নামে আদালতে মামলা করেন।
এরপর বন বিভাগের কর্মকর্তারা তাঁর সঙ্গে সমঝোতায় আসেন এবং ক্ষতিপূরণ হিসেবে পাঁচ লাখ ২০ হাজার ইউয়ান বা ৮৩ হাজার মার্কিন ডলার ক্ষতিপূরণ দিতে সম্মত হয়।
ওই আইনজীবী আরও বলেন, ক্ষতিপূরণ পেয়ে বেজায় খুশি কুয়েন। ওই অর্থ দিয়ে তিনি চিকিৎসা খরচ মেটাতে পারবেন। একই সঙ্গে ভবিষ্যতে অস্ত্রোপচারের প্রয়োজন হলে সে কাজেও ওই অর্থ ব্যয় করতে পারবেন।