পারলে পালাও নয় আত্মঘাতী হও: বাগদাদি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) প্রধান আবু বকর আল বাগদাদি ইরাকে পরাজয় স্বীকার করে নিয়েছেন বলে ইরাকের একটি টেলিভিশনের খবরে দাবি করা হয়েছে। ইরাকে ‘বিদায়ী ভাষণে’ তিনি জঙ্গিদের আত্মঘাতী হতে অথবা দেশে ফেরত যেতে নির্দেশ দিয়েছেন।

স্থানীয়দের বরাত দিয়ে ইরাকি টিভির খবরে বলা হয়, মসুলসহ উত্তর ইরাকের একাংশ কার্যত বন্দী হয়ে পড়ায় আইএস যোদ্ধাদের কাছে ‘বিদায় বার্তা’ পাঠিয়েছেন বাগদাদি। তিনি আইএস যোদ্ধাদের উদ্দেশে বলেছেন, ‘পারলে ইরাক ছেড়ে পালিয়ে যাও, না হলে আত্মঘাতী হয়ে নিজেদের উড়িয়ে দাও।’ খবরে বলা হয়, মসুলের নিয়ন্ত্রণ হাতছাড়া হওয়া যখন সময়ের ব্যাপার, তখন হার স্বীকার করে আইএসের প্রধান এমন বক্তব্য দিলেন।

বাগদাদি মসুলে আছেন কি না এখনো নিশ্চিত নয়। এর আগে বিভিন্ন সূত্রের বরাত দিয়ে খবরে বলা হয়েছিল, বাগদাদি নিহত হয়েছেন।