পার্ক গিউন হের বিচার শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পার্ক গিউন হে
পার্ক গিউন হে

দুর্নীতির অভিযোগে বরখাস্ত এবং প্রেসিডেন্ট প্রাসাদ ছেড়ে যাওয়ার মাত্র দুই মাসের মাথায় গতকাল মঙ্গলবার আদালতে হাজির করা হলো দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট পার্ক গিউন হেকে। এ সময় তিনি নিজেকে নির্দোষ বলে দাবি করেন।
পার্ক গিউন হের বিরুদ্ধে ঘুষ, রাষ্ট্রীয় ক্ষমতার অপব্যবহার এবং রাষ্ট্রীয় গোপন তথ্য বান্ধবীর কাছে ফাঁসের অভিযোগ আনা হয়েছে। ধারণা করা হচ্ছে, এই শুনানি কয়েক মাস চলবে। উল্লেখ্য, দুর্নীতির দায়ে দেশটিতে সর্বোচ্চ সাজা যাবজ্জীবন কারাদণ্ড।
দুর্নীতির দায়ে অভিযুক্ত পার্ক গিউন হেকে গত ১০ মার্চ দেশটির সাংবিধানিক আদালত প্রেসিডেন্টের পদ থেকে বরখাস্ত করেন। মার্চে গ্রেপ্তার হওয়ার পর এই প্রথম গতকাল জনসমক্ষে দেখা গেল তাঁকে। গতকাল পার্ক গিউন হেকে কয়েদির পোশাক ও হাতকড়া পরা অবস্থায় যখন সিউল আদালতে হাজির করা হয়, তখন তাঁর মুখে কোনো রকমের প্রসাধন ছিল না।
বিচার শুরু হওয়ার পর সাবেক প্রেসিডেন্টের আইনজীবীরা বলেন, পার্কের বড় কোম্পানিগুলোর কাছ থেকে অর্থ নেওয়ার জন্য চাপ দেওয়ার কোনো কারণ থাকতে পারে না; যে অর্থ তিনি নিজের জন্য ব্যবহার করতে পারবেন না।
পার্ক গিউন হের ঘনিষ্ঠ বান্ধবী চোই সুন-সিল ক্ষমতার অপব্যবহার করে আর্থিক সুবিধা নিয়েছেন বলে অভিযোগ ওঠার পর এ সংকটের সূচনা হয়। চোই সুন-সিল কোনো সরকারি পদে না থাকলেও ব্যাপক প্রভাবের অধিকারী ছিলেন বলে মনে করা হয়।
লাখো ক্ষুব্ধ মানুষ পার্ক গিউন হের পদত্যাগের দাবিতে দিনের পর দিন রাস্তায় রাস্তায় বিক্ষোভ করে। এর ধারাবাহিকতায় গত বছরের ডিসেম্বরে পার্লামেন্ট প্রেসিডেন্ট পদ থেকে তাঁকে অভিশংসনের পক্ষে রায় দেয়।