পার্ল হারবার সফরে জাপানি প্রধানমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের হাওয়াই অঙ্গরাজ্য সফরে গিয়ে যুদ্ধে নিহত মার্কিন সেনাদের কয়েকটি স্মৃতিসৌধ পরিদর্শন করেছেন জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে। সোমবার তিনি হনলুলুর কাছে নির্মিত ন্যাশনাল মেমোরিয়াল সিমেট্রি অব দ্য প্যাসিফিকে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। গতকাল আবের দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানি হামলার শিকার হাওয়াইয়ের ঐতিহাসিক পার্ল হারবার পরিদর্শন করার কথা ছিল।

পার্ল হারবারে মার্কিন নৌবহরে হামলার ৭৫তম বার্ষিকীর তিন সপ্তাহ পর সেখানে গেলেন শিনজো আবে। এর আগে এ ধরনের এক সফরে চলতি বছরের প্রথম দিকে প্রথম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে জাপানের হিরোশিমা শহর পরিদর্শন করেন বারাক ওবামা। যুক্তরাষ্ট্র দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষ দিকে মানব ইতিহাসের প্রথম আণবিক হামলা চালিয়েছিল এই হিরোশিমাতেই।

জাপানের প্রধানমন্ত্রী আবের সফরসঙ্গীরা জানিয়েছেন, তিনি পার্ল হারবারে নিহত মার্কিন সেনাদের উদ্দেশে প্রার্থনা করবেন, তবে হামলার জন্য ক্ষমা প্রার্থনা করবেন না। সেখানে প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষ করে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে শীর্ষ বৈঠকে মিলিত হবেন আবে। জানুয়ারিতে প্রেসিডেন্ট হিসেবে ওবামার মেয়াদ শেষ হওয়ার আগে দুই মিত্রদেশের নেতার এটি শেষ বৈঠক।

দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ১৯৪১ সালে পার্ল হারবারে যুক্তরাষ্ট্রের প্রশান্ত মহাসাগরীয় নৌবহরে বিধ্বংসী বিমান হামলা চালিয়েছিল জাপান। ওই হামলায় যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর ২ হাজার ৩০০ সদস্য নিহত এবং ঘাঁটিতে অবস্থান করা আটটি যুদ্ধজাহাজের সব কটি ক্ষতিগ্রস্ত হয়েছিল। ওই হামলার প্রতিক্রিয়া হিসেবে সরাসরি যুদ্ধে যোগ দেয় যুক্তরাষ্ট্র। ওই হামলার পর থেকে এবারই প্রথম এ দুটি দেশের নেতারা একসঙ্গে পার্ল হারবার পরিদর্শন করছেন।