পার্লামেন্টে মারামারি প্রচণ্ডের দুঃখ প্রকাশ
নেপালের মাওবাদী দলের প্রধান পুষ্প কমল দহল পার্লামেন্টে তাঁর দলের আচরণের জন্য গতকাল বুধবার দুঃখ প্রকাশ করেছেন। তবে ‘প্রচণ্ড’ নামে বেশি পরিচিত এ নেতা অভিযোগ করেন, সংবিধান প্রণয়ন বিষয়ে পার্লামেন্টে বিভিন্ন দলের ঐকমত্যের ব্যাপারে প্রধানমন্ত্রী সুশীল কৈরালা বাধা তৈরি করছেন। খবর এএফপি ও ই-কান্তিপুর এর।
নেপালের যুদ্ধ-পরবর্তী সংবিধান প্রণয়ন নিয়ে পার্লামেন্টে গত মঙ্গলবার আলোচনার সময় তুমুল হট্টগোল হয়। এ সময় মাওবাদী আইনপ্রণেতারা চেয়ার ছুড়ে মারায় চার নিরাপত্তাকর্মী আহত হন। তাঁদের নেতা প্রচণ্ড গতকাল এক সংবাদ সম্মেলনে বলেন, পার্লামেন্ট অধিবেশনে মঙ্গলবারের ঘটনায় তাঁর দলের ভুল হয়েছে। মারামারি করার কোনো ইচ্ছা তাঁদের ছিল না। কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। প্রচণ্ড দাবি করেন, দলীয় আইনপ্রণেতাদের স্লোগান দিয়ে অধিবেশনের কার্যক্রমে বাধা দিতে নির্দেশনা দেওয়া হয়েছিল। কিন্তু সংবিধানের ব্যাপারে ভোটাভুটিতে ক্ষমতাসীন দলের রাজনীতিকেরা এক ভোটে এগিয়ে যাওয়ার চেষ্টা করলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।
নির্ধারিত সময়সীমা পেরিয়ে গেলেও সব দলের মতৈক্য না হওয়া পর্যন্ত সংবিধান নিয়ে আলোচনা চলবে বলে জানিয়েছেন মাওবাদী নেতারা।
দশকব্যাপী লড়াইয়ের পর ২০০৬ সালে নেপালে শান্তিপ্রক্রিয়া শুরু হয়। কিন্তু বিভিন্ন বিষয় নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে মতবিরোধের কারণে সংবিধান প্রণয়নের কাজ বিলম্বিত হচ্ছে। মদেশি ও লিম্বু জনগোষ্ঠীর মতো সংখ্যালঘু সম্প্রদায়ের সুবিধার কথা ভেবে বিরোধী দল একাধিক নতুন প্রদেশ প্রতিষ্ঠার দাবি জানিয়েছে। অন্য দলগুলো বলছে, এ ধরনের পদক্ষেপ বিভক্তিমূলক হবে এবং এতে জাতীয় ঐক্য হুমকির মুখে পড়বে।
পার্লামেন্টে ক্ষমতাসীন জোটের দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা রয়েছে। তারা মাওবাদীদের সমর্থন ছাড়াই নতুন সংবিধান অনুমোদন করতে পারবে। কিন্তু বিরোধী দলের মতামত উপেক্ষা করলে দেশে আবার লড়াই শুরু হতে পারে বলে হুমকি দিয়েছেন মাওবাদী দলটির সাবেক যোদ্ধারা।