মালদ্বীপে পার্লামেন্টের স্পিকারকে অভিসংশনের মধ্য দিয়ে পার্লামেন্টের নিয়ন্ত্রণ নিতে গতকাল সোমবার নতুন করে চেষ্টা চালিয়েছে দেশটির বিরোধী দলগুলোর কোয়ালিশন। এর আগে দুই দফায় এই চেষ্টা চালিয়েও ব্যর্থ হয় দলগুলো।
কোয়ালিশন জানিয়েছে, ৮৫ সদস্যের পার্লামেন্টে তারা তাদের ৪৫ জন সাংসদের সমর্থন নিয়ে নতুন করে অনাস্থা ভোটের জন্য প্রস্তাব পেশ করেছে। মালদ্বীপের পার্লামেন্টে (মজলিস) অনাস্থা প্রস্তাবের জন্য এই সংখ্যক সদস্যই যথেষ্ট।
প্রধান বিরোধী দল মালদিভিয়ান ডেমোক্রেটিক পার্টি (এমডিপি) জানিয়েছে, পার্লামেন্টে বিরোধীদলীয় কোয়ালিশনের সদস্যরা সংখ্যাগরিষ্ঠ। এর আগে গত এপ্রিলে স্পিকার আবদুল্লাহ মাসিহ মোহাম্মদের বিরুদ্ধে এমডিপির একটি অভিসংশন প্রস্তাব সহিংস সংঘাতের পর ব্যর্থ হয়। এমডিপি নেতা এবং ভারত-মার্কিনপন্থী হিসেবে পরিচিত সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ নাশিদ বর্তমান প্রেসিডেন্ট আবদুল্লাহ ইয়ামিন এবং তাঁর সরকারকে উৎখাত করতে যে আন্দোলন করছেন, প্রস্তাবটি ছিল তারই অংশবিশেষ। তার আগে মার্চ মাসে কয়েকজন আইনপ্রণেতাকে পার্লামেন্ট থেকে বের করে দিতে প্রেসিডেন্ট আবদুল্লাহর এক নির্দেশের পর সৃষ্ট হট্টগোলের কারণে স্পিকারকে অভিসংশনের প্রথম উদ্যোগটিও ব্যর্থ হয়। ওই ঘটনার পর গণতন্ত্রের প্রতি আস্থা রাখতে মালদ্বীপের প্রতি আহ্বান জানায় যুক্তরাষ্ট্র।