পালমিরায় মন্দির ধ্বংসের ছবি প্রকাশ করল আইএস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরিয়ার ঐতিহ্যবাহী শহর পালমিরার প্রাচীন মন্দির বালশামিন গুঁড়িয়ে দেওয়ার ছবি প্রকাশ করেছে জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)। ওই অপকর্ম নিয়ে আন্তর্জাতিক সমালোচনার মধ্যেই গতকাল সোমবার ছবিগুলো প্রকাশ করা হয়েছে। খবর এএফপির।
প্রকাশিত ছবিগুলো ভিডিও চিত্র থেকে নেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে। কিছু ছবিতে দেখা যায়, জঙ্গিরা বেশ কিছু ব্যারেল ও ছোট ছোট কনটেইনার বালশামিন মন্দিরের ভেতরে নিয়ে যাচ্ছে। আর একই ধরনের কিছু কনটেইনার স্থাপন করা হয় মন্দিরটির স্তম্ভগুলোর কাছে। এসব ব্যারেল ও কনটেইনারে বিস্ফোরক ছিল বলে মনে করা হচ্ছে।
বাকি ছবিগুলোতে দেখা যায়, ঘটনাস্থলে প্রচণ্ড বিস্ফোরণের পর মন্দিরটি খণ্ড-বিখণ্ড হয়ে যাচ্ছে। পরের ছবিতে ঘটনাস্থলে ধ্বংসস্তূপ ছাড়া মন্দিরের আর কোনো অস্তিত্বই দেখা যায়নি।
বালশামিন মন্দিরটি গত রোববার জঙ্গিরা ধ্বংস করে বলে বিভিন্ন খবরে জানা যায়। এ ঘটনার কড়া নিন্দা জানিয়েছে বিভিন্ন আন্তর্জাতিক সংগঠন। জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সাংস্কৃতিক সংস্থার (ইউনেসকো) প্রধান আইরিনা বোকোভা এ ঘটনাকে ‘নতুন যুদ্ধাপরাধ’ হিসেবে আখ্যা দিয়েছেন। তিনি বলেন, বালশামিন মন্দির ধ্বংসের ঘটনা সিরিয়ার জনগণ ও মানবতার জন্য বিশাল এক ক্ষতি।
পালমিরার প্রাচীন স্থাপনাগুলোকে বিশ্ব ঐতিহ্য হিসেবে স্বীকৃতি দিয়েছে ইউনেসকো। শহরটির বালশামিন মন্দিরটি নির্মিত হয় প্রায় দুই হাজার বছর আগে। রোমান সম্রাট হাদ্রিয়ানের আমলে এটির সম্প্রসারণ করা হয়। পালমিরা শহরটি গত ২১ মে সিরিয়ার সরকারি বাহিনীর কাছ থেকে দখল করে নেয় আইএসের জঙ্গিরা।