পালমিরায় ঢুকে পড়েছে সিরীয় সেনারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) দখল থেকে প্রাচীন শহর পালমিরা পুনর্দখল করতে গতকাল বৃহস্পতিবার সেখানে ঢুকে পড়েছে সিরিয়ার সরকারি বাহিনী। এর আগে আইএস পালমিরার হাজার পনেরো বাসিন্দাকে শহর ছেড়ে পালিয়ে যেতে বলেছে বলে জানিয়েছে একটি পর্যবেক্ষণকারী সংগঠন। সিরিয়া ইস্যুতে ‘নাজুক’ শান্তি আলোচনা নিয়ে ওয়াশিংটন ও মস্কোর মধ্যে উচ্চপর্যায়ের বৈঠকের প্রাক্কালে গতকাল এ খবর পাওয়া যায়।

এর আগে সিরীয় সরকারের এক নিরাপত্তা সূত্র জানিয়েছিল, রুশ বিমান হামলার সমর্থন নিয়ে সরকারের অনুগত বাহিনী পালমিরা থেকে মাত্র ৮০০ মিটার দূরে রয়েছে। দামেস্ক ও হোমসের সংযোগকারী এলাকাও তারা নিয়ন্ত্রণ করছে এখন।

‘মরুর মুক্তা’ হিসেবে পরিচিত পালমিরা প্রত্নতাত্ত্বিক নিদর্শনে সমৃদ্ধ। কিছুদিন আগে আইএসের যোদ্ধারা পালমিরার দখল নিয়ে সেখানে ইউনেসকোর বিশ্ব ঐতিহ্যের তালিকাভুক্ত মন্দিরসহ অনেক স্থাপনা ধ্বংস করে। বিশ্লেষকেরা বলছেন, প্রেসিডেন্ট বাশার আল-আসাদের বাহিনী পালমিরা পুনর্দখল করতে পারলে তা সরকারের জন্য গুরুত্বপূর্ণ কৌশলগত জয়ের পাশাপাশি প্রতীকী বিজয়ও হবে।

মসুল পুনর্দখলে ইরাকের অভিযান: এদিকে সিরিয়ার প্রতিবেশী ইরাকের সেনারা দেশটির দ্বিতীয় বৃহত্তম শহর মসুল আইএস জঙ্গিদের কাছ থেকে পুনর্দখল করতে গতকাল দীর্ঘ প্রতীক্ষিত অভিযান শুরু করেছে।