পালমিরার মন্দির গুঁড়িয়ে দিল আইএস জঙ্গিরা

সিরিয়ার ঐতিহ্যবাহী শহর পালমিরার প্রাচীন মন্দির বালশামিন গুঁড়িয়ে দিয়েছে শহর দখলকারী জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) সদস্যরা। গত রোববার জঙ্গিরা মন্দিরটি ধ্বংস করে বলে জানিয়েছেন সিরিয়ার পুরাতত্ত্ব বিভাগের প্রধান। খবর এএফপি ও বিবিসির।
রোমান সভ্যতার নিদর্শন বহনকারী পালমিরা গত মে মাসে দখল করে আইএস। শহরটি দখল করার পরপরই এর অমূল্য ঐতিহাসিক স্থাপনাগুলো নিয়ে শঙ্কা শুরু হয় বিশ্বজুড়ে। ইউনেসকোর বিশ্ব ঐতিহ্য পালমিরার বিখ্যাত স্থাপনাগুলো রোববারের আগ পর্যন্তও অক্ষত ছিল। তবে এর আগেই এমন খবর পাওয়া গিয়েছিল যে শহরের স্থাপনাগুলোয় বিস্ফোরক স্থাপন করেছে আইএসের সদস্যরা।
সিরিয়ার পুরাতত্ত্ব বিভাগের প্রধান মামুন আবদুল করিম গতকাল সোমবার বলেন, আইএস সদস্যরা বালশামিন মন্দিরে রোববার বিপুল পরিমাণ বিস্ফোরক স্থাপন করে। এরপর মন্দিরটি ধ্বংস করা হয়। বিস্ফোরণে মন্দিরের মূল অংশ পুরোপুরি ধ্বংস হয়ে যায় আর পিলারগুলো প্রায় ধ্বংসের মুখে।
বালশামিন মন্দিরটি তৈরি হয় হয় প্রায় দুই হাজার বছর আগে। রোমান সম্রাট হাদ্রিয়ানের সময় মন্দিরের সম্প্রসারণ ঘটানো হয়।
গত মাসে আইএস জঙ্গিরা পালমিরার বিভিন্ন প্রত্নবস্তু ধ্বংসের কয়েকটি ছবি প্রকাশ করে। গত সপ্তাহে সিরিয়ার খ্যাতনামা প্রত্নতাত্ত্বিক খালেদা আল-আসাদের শিরশ্ছেদ করে আইএস জঙ্গিরা। চার দশক ধরে পালমিরার প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলো দেখভালের দায়িত্বে ছিলেন ৮১ বছর বয়সী আসাদ।
আবদুল করিম বলেন, পালমিরায় লুকানো গুপ্তধনের সন্ধান দিতে রাজি না হওয়ায় আইএসের জঙ্গিরা তাঁকে হত্যা করে।
‘মরুর মুক্তা পালমিরা’
- দুই হাজার বছরের বেশি সময় ধরে অনন্য সব মন্দির আর রাস্তাঘাট নিয়ে টিকে আছে পালমিরা। শহরটিতে আছে অপূর্ব সব মূর্তি, হাজার খানেক স্তম্ভ আর আছে পাঁচ শতাধিক সমাধিসৌধ
- পালমিরা সিরিয়ার রাজধানী দামেস্কের ২১০ কিলোমিটার উত্তর-পূর্বে অবস্থিত। শহরটি মূলত একটি মরূদ্যান। সিরিয়ায় পালমিরার পরিচিতি ‘তাদমুর’ নামে। এর অর্থ হচ্ছে ‘খেজুরের শহর’
- পালমিরা ছিল মূলত দূর পথযাত্রীদের বিশ্রাম নেওয়ার স্থান
- খ্রিষ্টপূর্ব প্রথম শতক থেকে পরবর্তী ৪০০ বছর পালমিরা অত্যন্ত গুরুত্বপূর্ণ শহরে পরিণত হয়, মূলত মসলা, সুগন্ধি রেশম এবং হাতির দাঁতের শিল্পের ব্যবসার জন্য
সেই অমূল্য ঐতিহাসিক স্থাপনাগুলো
বিশ্বের যেখানেই জঙ্গি সংগঠনগুলো আস্তানা গেড়েছে সে অঞ্চলের ঐতিহাসিক স্থাপনা হয়েছে তাদের আক্রমণের লক্ষ্যবস্তু। গত বছর ইরাক ও সিরিয়ায় খিলাফত ঘোষণার পর আইএস একের পর এক প্রত্নতাত্ত্বিক সম্পদ ধ্বংস করে। জঙ্গি ইসলামি গোষ্ঠীর হাতে ধ্বংস হওয়া অমূল্য সব সাংস্কৃতিক নিদর্শনের মধ্যে উল্লেখযোগ্য হলো:
ইরাক: ইরাকের কিছু অংশ দখল করার পর আইএস ‘সাংস্কৃতিক শুদ্ধি অভিযান’ ঘোষণা করে। প্রাচীন মেসোপটেমিয়া সভ্যতার অনেক নিদর্শন তারা লুট করে। মহামূল্যবান এসব নিদর্শন তারা চোরাবাজারে বিক্রিও করে দেয়। ইরাক সরকারের তথ্য অনুযায়ী, গত ৫ মার্চ আইএস মসুলের প্রাচীন অ্যাসিরীয় সভ্যতার নিদর্শন নিমরুদ শহর ধ্বংস করে।
লিবিয়া: ধর্মীয় উগ্রপন্থীরা লিবিয়া দখলের পর বেশ কয়েকটি পুরোনো মাজার ধ্বংস করে ফেলে। ২০১২ সালের আগস্ট মাসে মুসলিম চরমপন্থীরা লিবিয়ার রাজধানী ত্রিপোলির কাছের আল-শাব আল-দাহমান নামের একটি পুরোনো মাজার গুঁড়িয়ে দেয়। এর আগের দিনই লিবিয়ার পশ্চিমাঞ্চলীয় শহর লিতেনে শেখ আবদেসালাম আল-আজমারের মাজারও ধ্বংস করে জঙ্গিরা।
মালি: ‘৩৩৩ পীরের শহর’ নামে পরিচিত মরুশহর তিমবুকতুতে কঠোর শরিয়া আইন জারি করা হয়। ২০১২ সালে আল-কায়েদা-সংশ্লিষ্ট জঙ্গিরা তিমবুকতু শহরের ১৫টি মাজার ও ভবন ধ্বংস করে।
আফগানিস্তান: ২০০১ সালে তালেবান নেতা মোল্লা ওমর আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় বামিয়ান শহরের দেড় হাজার বছরের পুরোনো কয়েকটি বুদ্ধমূর্তি ধ্বংসের নির্দেশ দেন। পুরো দেশ থেকে তালেবানরা বামিয়ানে এসে মোল্লার সেই হুকুম তামিল করে। পাহাড়ের গায়ে খোদাই করে তৈরি সেসব মূর্তি তিন সপ্তাহ ধরে ধ্বংস করে তালেবান জঙ্গিরা।