পালমিরায় প্রাচীন মন্দির উড়িয়ে দিয়েছে আইএস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পালমিরার বাল শামিন মন্দিরের ছবিটি গত বছর তোলা। ছবি: এএফপি
পালমিরার বাল শামিন মন্দিরের ছবিটি গত বছর তোলা। ছবি: এএফপি

সিরিয়ার ঐতিহাসিক নগরী পালমিরায় একটি প্রাচীন মন্দির উড়িয়ে দিয়েছে ইসলামিক স্টেটের (আইএস) জঙ্গিরা।
গতকাল রোববার এ ঘটনা ঘটে বলে দেশটির এক কর্মকর্তার ভাষ্য। আজ সোমবার বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
যুক্তরাজ্যভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটসও এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছে।
সিরিয়ার পুরাতত্ত্ব বিভাগের পরিচালক মামুন আবদুল করিম বলেন, বিপুল বিস্ফোরক দিয়ে আইএসের জঙ্গিরা ‘বাল শামিন’ নামের মন্দিরটি উড়িয়ে দেন। এতে মন্দিরের ব্যাপক ক্ষতি হয়েছে। মন্দিরের ভেতরের অংশ ধ্বংস হয়েছে। চারদিকের স্তম্ভ ধসে গেছে।
বিবিসি অনলাইনের প্রতিবেদনে জানানো হয়, মন্দিরটি প্রায় দুই হাজার বছর আগে নির্মাণ করা হয়।
ইউনেসকোর বিশ্ব ঐতিহ্যের তালিকাভুক্ত পালমিরা গত মে মাসে দখল করে আইএস। রোমান স্থাপত্যের নিদর্শনবাহী পালমিরাকে মধ্যপ্রাচ্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ ঐতিহাসিক স্থানগুলোর অন্যতম বলে বিবেচনা করা হয়।
সম্প্রতি পালমিরায় ৮২ বছর বয়সী এক প্রত্নতত্ত্ববিদের শিরশ্ছেদ করে আইএস। খালেদ আল-আসাদ নামের ওই সিরীয় প্রত্নতত্ত্ববিদ ৪০ বছর ধরে ওই নগরীর ঐতিহাসিক নিদর্শনগুলো দেখভালের দায়িত্বে ছিলেন।
আইএসের জঙ্গিরা সিরিয়া ও ইরাকের একটা বড় অংশ দখল করে নিয়েছে। তারা সিরিয়া ও ইরাকে প্রাচীন ঐতিহ্য ধ্বংস করেছে। পালমিরায় তারা কতটা ধ্বংসযজ্ঞ চালিয়েছে, তা স্পষ্ট নয়।