পালমিরায় সিরীয় প্রত্নতত্ত্ববিদের শিরশ্ছেদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খালেদ আল-আসাদ
খালেদ আল-আসাদ

সিরিয়ার ঐতিহাসিক নগরী পালমিরায় ৮২ বছর বয়সী এক প্রত্নতত্ত্ববিদের শিরশ্ছেদ করেছে নগরী দখলকারী জঙ্গি সংগঠন আইএসের সদস্যরা। খালেদ আল-আসাদ নামের ওই সিরীয় প্রত্নতত্ত্ববিদ ৪০ বছর ধরে ওই নগরীর ঐতিহাসিক নিদর্শনগুলো দেখভালের দায়িত্বে ছিলেন। খবর বিবিসির।
ইউনেসকোর বিশ্ব ঐতিহ্যের তালিকাভুক্ত পালমিরা গত মে মাসে দখল করে আইএস। মাস খানেক আগে খালেদ আল-আসাদকে বন্দী করে জঙ্গিরা।
আসাদের পরিবারের বরাত দিয়ে সিরিয়ার পুরাতত্ত্ব বিভাগের পরিচালক মামুন আবদুল করিম জানিয়েছেন, আইএসের জঙ্গিরা খালেদ আল-আসাদের শিরশ্ছেদ করেছে। রোমান স্থাপত্যের নিদর্শনবাহী পালমিরাকে মধ্যপ্রাচ্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ ঐতিহাসিক স্থানগুলোর অন্যতম বলে বিবেচনা করা হয়। আবদুল করিম বলেন, ওই প্রত্নতত্ত্ববিদের পরিবার তাঁকে জানিয়েছে, আসাদকে হত্যা করে তাঁর লাশ পালমিরার প্রধান স্কয়ারের একটি স্তম্ভে ঝুলিয়ে রাখা হয়। তিনি বলেন, ‘ভেবে দেখুন, যে মানুষটি এই ঐতিহাসিক স্থানটির জন্য সারাটি জীবন ব্যয় করেছেন, এখন তাঁরই শিরশ্ছেদ করা হলো। এই শহরে এসব অপরাধী যত দিন থাকবে, তত দিন পালমিরার প্রতিটি স্তম্ভ ও প্রতিটি প্রত্নতাত্ত্বিক নিদর্শন অভিশাপ ও অশুভ সংকেত বহন করবে।’
আসাদকে সিরিয়ার বিংশ শতাব্দীর সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রত্নতত্ত্ববিদ হিসেবে অভিহিত করেন করিম। আমেরিকান স্কুল অব ওরিয়েন্টাল রিসার্চের সহপরিচালক আবদেল রাজ্জাক মোয়াজ বলেন, আসাদ সারা জীবন উৎসর্গ করেছিলেন পালমিরার জন্য। আর সেই নগরীকে রক্ষা করতেই তিনি জীবন হারালেন।