পালমিরায় ২০ জনকে হত্যা করেছে আইএস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরিয়ার কেন্দ্রস্থলে প্রাচীন শহর পালমিরার একটি ঐতিহ্যবাহী নাট্যমঞ্চে গত বুধবার ২০ জনকে হত্যা করেছে ইসলামি জঙ্গি সংগঠন আইএসের জঙ্গিরা। একটি পর্যবেক্ষক দলের ভাষ্যমতে, ওই এলাকাটি ইউনেসকোর বিশ্ব ঐতিহ্যের তালিকায় রয়েছে। খবর বিবিসি অনলাইনের।

যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার সংগঠন সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস বলছে, সেখানকার স্থানীয় বাসিন্দাদের ওই গুলির দৃশ্য দেখতে বাধ্য করা হয়। তবে ওই স্থানের কোনো ক্ষতি হয়নি। অবশ্য এ তথ্যের সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

জিহাদিদের মিডিয়ায় প্রকাশিত ফুটেজে বলা হয়, নিহত ২০ জন সিরীয় সেনাদের সহযোগিতা করে বলে অভিযোগ তোলে আইএস। পালমিরা দখলের পর থেকে আইএস জঙ্গিরা বিভিন্ন জায়গায় সেনাদের খোঁজ করছে।

২০ মে পালমিরা দখল করে নেয় আইএস জঙ্গিরা। সিরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যমের খবরে দাবি করা হয়, সেখানে নারী, শিশুসহ অন্তত ৪০০ লোককে হত্যা করেছে আইএস।

৫০ হাজার বাসিন্দা অধ্যুষিত শহর পালমিরা প্রাচীন রোমান সাম্রাজ্যের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রত্নতাত্ত্বিক নিদর্শনে ভরপুর। ইরাকের কৌশলগত শহর রামাদি থেকে ইরাকি বাহিনীকে হটিয়ে দেওয়ার কয়েক দিনের মাথায় পালমিরা দখল করে আইএস জঙ্গিরা।