প্রশান্ত মহাসাগরীয় দ্বীপ দেশ পাপুয়া নিউগিনির একটি কারাগার থেকে গণপলায়নের সময় কারারক্ষীদের গুলিতে ১৭ জন কারাবন্দী নিহত হয়েছেন। গতকাল সোমবার এ কথা জানিয়েছে স্থানীয় পুলিশ। এ ঘটনায় নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে দেশটির কর্তৃপক্ষ।
পুলিশের ভাষ্য অনুযায়ী, পাপুয়া নিউগিনির লয়ে শহরের বুইমু কারাগার থেকে গত শুক্রবার সকালে অন্তত ৭৭ বন্দী পালানোর চেষ্টা করেন। এর মধ্য থেকে মাত্র ৩ জনকে জীবিত পাকড়াও করা যায়। পালিয়ে যান ৫৭ জন। তবে পলায়নের পূর্ণাঙ্গ চিত্র ‘এখনো অসম্পূর্ণ’। পলায়নপর ১৭ জন ‘কর্তৃপক্ষে’র গুলিতেই নিহত হয়েছেন বলে পুলিশ নিশ্চিত করেছে।
পুলিশের চিফ সুপারিনটেনডেন্ট অ্যান্টনি ওয়াগামবি বলেন, পলাতক কারাবন্দীদের বেশির ভাগই গুরুতর অপরাধের আসামি। একটা বড় সংখ্যক অপরাধী গত বছর পুলিশের হাতে গ্রেপ্তার হন। তাঁরা প্রধানত সশস্ত্র ডাকাতি, গাড়ি চুরি ও অন্যান্য চুরির অপরাধে গ্রেপ্তার হন।
এদিকে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ কারাবন্দীদের ওপর গুলিবর্ষণের ঘটনায় উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছে। সংগঠনটির অস্ট্রেলীয় শাখাপ্রধান ইলেইন পিয়ারসন বলেন, ‘পলাতক বন্দীদের গ্রেপ্তার করা অত্যন্ত কঠিন ও ঝুঁকিপূর্ণ কাজ। তবে পাপুয়া নিউগিনি কর্তৃপক্ষের এ জন্য গুলি করার এখতিয়ার নেই।’