পালানোর আগের রাতেই গনি বলেছিলেন মরণপণ লড়বেন: ব্লিঙ্কেন
তালেবানের কাবুল দখলের মুখে আফগানিস্তান থেকে পালিয়ে যাওয়ার আগের রাতে দেশটির তৎকালীন প্রেসিডেন্ট আশরাফ গনি বলেছিলেন, তিনি মরণপণ যুদ্ধ করবেন। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিঙ্কেন এক সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন। এনডিটিভি অনলাইনে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
গত ১৫ আগস্ট তালেবানের কাবুল দখলের মুখে আফগানিস্তান থেকে পালিয়ে যান গনি। তিনি সংযুক্ত আরব আমিরাতে আশ্রয় নেন।
আশরাফ গনির এভাবে দেশ থেকে পালানো নিয়ে দেশ-বিদেশে তীব্র সমালোচনা আছে। সমালোচকেরা বলছেন, নিজ দেশের নাগরিকদের রক্ষার দায়িত্ব ছিল গনির। কিন্তু তিনি তা না করে আফগান জনগণকে বিপন্ন অবস্থায় রেখে পালিয়ে যান।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ব্লিঙ্কেন আফগানিস্তানের টোলো নিউজকে একটি সাক্ষাৎকার দিয়েছেন। সাক্ষাৎকারে টোলো নিউজের সাংবাদিক ব্লিঙ্কেনের কাছে জানতে চান, ‘আপনারা কি প্রেসিডেন্ট গনিকে দেশ ছেড়ে পালাতে সাহায্য করেছিলেন?’
জবাবে ব্লিঙ্কেন বলেন, পালানোর আগের রাতের আলাপে গনি তাঁকে বলেছিলেন, তিনি মৃত্যুর সঙ্গে লড়াই করতে প্রস্তুত।
এদিকে, গতকাল বুধবার একটি বিবৃতি দিয়েছেন গনি। আফগানিস্তান ত্যাগ করার জন্য তিনি দেশটির জনগণের কাছে ক্ষমা চেয়েছেন। তাঁর দাবি, প্রেসিডেন্ট প্রাসাদের নিরাপত্তা দলের পরামর্শে তিনি আফগানিস্তান ত্যাগ করেন।
গনি বলেছেন, তাঁকে সতর্ক করে বলা হয়েছিল, যদি তিনি কাবুলে থাকেন, তাহলে রাজধানীর সড়কে সড়কে ভয়াবহ লড়াই হওয়ার ঝুঁকি আছে।
কাবুল ছেড়ে চলে যাওয়ার বিষয়টিকে জীবনের সবচেয়ে কঠিন সিদ্ধান্ত ছিল বলে উল্লেখ করেন গনি। তবে তাঁর ভাষ্য, বন্দুক নীরব রাখার পাশাপাশি কাবুল ও তার অধিবাসীদের বাঁচানোর জন্য তাঁর সামনে পালানোই ছিল একমাত্র উপায়।
দেশ থেকে পালিয়ে যাওয়ার সময় গনি বিপুল পরিমাণ অর্থ নিয়ে যান বলে অভিযোগ আছে। গতকালের বিবৃতিতে এ অভিযোগ অস্বীকার করেন তিনি।