পালালেন তিন হাজার নাগরিক
মিয়ানমারের সরকারি বাহিনীর সঙ্গে বিদ্রোহীদের সংঘর্ষের পর সে দেশের তিন হাজারের বেশি নাগরিক চীনে পালিয়ে গেছেন। তাঁদের আশ্রয় দেওয়া হয়েছে বলে জানিয়েছে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়। সংঘর্ষের সময় মিয়ানমার থেকে ছোড়া কিছু গোলা চীনের অভ্যন্তরে গিয়ে পড়েছে। তবে এতে কেউ হতাহত হয়নি বলে জানিয়েছে চীনের সরকারনিয়ন্ত্রিত সংবাদমাধ্যম। মিয়ানমারের উত্তরাঞ্চলে চারটি সশস্ত্র নৃগোষ্ঠীর লোকজন নিরাপত্তা বাহিনীর ওপর হামলা চালান। এরপরই সংঘর্ষের সূত্রপাত। পাল্টাপাল্টি হামলায় অনেকে আহত হয়েছেন। চীনের ইউনান প্রদেশে অনেকে পালিয়ে আশ্রয় নিয়েছেন। সীমান্তবর্তী নৃগোষ্ঠীগুলোর সঙ্গে শান্তি প্রতিষ্ঠায় আলোচনা চালিয়ে যাচ্ছিল অং সান সু চির সরকার। এ ঘটনা ওই শান্তিপ্রক্রিয়া বাধাগ্রস্ত করবে বলে আশঙ্কা করা হচ্ছে। এই সংঘর্ষের পর সীমান্তে নিরাপত্তা বাহিনীকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রেখেছে চীন। বিবদমান দুই পক্ষকেই শান্ত থাকার আহ্বান জানিয়েছে দেশটি। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গেঙ্গ হুয়াঙ্গ বলেন, আশ্রয় দেওয়া তিন হাজার লোকের মধ্যে অনেকে আহত হয়েছেন।
রয়টার্স