পিএলও প্রধানের পদ থেকে সরে দাঁড়ালেন আব্বাস

ফিলিস্তিনি স্বাধীনতা সংগঠনের (পিএলও) নির্বাহী কমিটির প্রধানের পদ থেকে গত শনিবার পদত্যাগ করেছেন ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। পিএলওর সর্বোচ্চ এই কমিটির নতুন নির্বাচনের স্বার্থেই এ পদক্ষেপ বলে জানিয়েছেন কর্মকর্তারা। খবর এএফপির।
পিএলওর কর্মকর্তা ওয়াসেল আবু ইউসেফ জানিয়েছেন, আব্বাস ছাড়াও ১৮ সদস্যের নির্বাহী কমিটির অর্ধেকের বেশি সদস্য পদত্যাগ করেছেন। ইউসেফ বলেন, নির্বাহী কমিটি থেকে প্রেসিডেন্ট আব্বাস এবং অর্ধেকের বেশি সদস্যের পদত্যাগের এই ঘটনা আইনগত দিক বিবেচনায় একটা শূন্যতা সৃষ্টি করেছে। এমন পরিপ্রেক্ষিতে ফিলিস্তিনি জাতীয় পরিষদকে (পিএনসি) নতুন নির্বাহী কমিটি নির্বাচন করার স্বার্থে এক মাসের মধ্যেই বৈঠক করতে বলা হয়েছে।
অবশ্য, পদত্যাগ করলেও এখনই তা কার্যকর হচ্ছে না বলে জানিয়েছেন কর্মকর্তা ইউসেফ। তিনি বলেন, পিএনসির ওই বৈঠকের পরই এই পদত্যাগ কার্যকর হবে।
পিএনসি হচ্ছে ফিলিস্তিনের পার্লামেন্ট। এই পার্লামেন্টের সদস্যসংখ্যা ৭৪০ জন। তাঁদের কেউ কেউ ফিলিস্তিনি ভূখণ্ডে বাস করেন। অনেকে আবার বিদেশে বাস করেন। গত প্রায় ২০ বছরের মধ্যে পিএনসির কোনো বৈঠক হয়নি।
কর্মকর্তা ইউসেফ জানান, আব্বাসসহ নির্বাহী কমিটির সদস্যদের পদত্যাগের আগে প্রধান ফিলিস্তিনি আলোচক সায়েব এরাকাতকে কমিটির মহাসচিব হিসেবে নির্বাচিত করা হয়েছে।