ইরাকে ইসলামিক স্টেটের (আইএস) ঘাঁটি মসুলে ঢোকার পর জঙ্গিগোষ্ঠীর সদস্যদের সঙ্গে সরকারি বাহিনীর থেমে থেমে তুমুল লড়াই চলছে। এর মধ্যেই আইএস নেতা আবু বকর আল বাগদাদি নতুন এক অডিও বার্তায় নিজ পক্ষের যোদ্ধাদের পিছু না হটার আহ্বান জানিয়েছেন।
যুক্তরাষ্ট্র-সমর্থিত ইরাকি বাহিনী মসুলের আশপাশের গ্রাম ও শহরগুলো দখল করে এখন তিন দিক থেকে অগ্রসর হচ্ছে। তাদের সহায়তা করছে কুর্দি পেশমার্গা বাহিনী, শিয়া আধা সামরিক বাহিনী ও সুন্নি আরব আদিবাসীরা। এটি ইরাকি বাহিনীর দেশটিতে আইএসের সবশেষ শহুরে শক্ত ঘাঁটি মসুলে দুই বছরের মধ্যে প্রবেশ করার প্রথম ঘটনা।
এমন পরিস্থিতিতে গতকাল বৃহস্পতিবার আইএস এক অডিও বার্তা প্রকাশ করে। এতে তাদের নেতা বাগদাদিকে মসুলে অবস্থানরত প্রায় পাঁচ হাজার আইএস যোদ্ধার উদ্দেশে বলতে শোনা যায়, ‘অপমানের সঙ্গে পিছু হটার চেয়ে সসম্মানে নিজ ভূমি আঁকড়ে থাকা হাজার গুণ সহজ।...পিছু হটবেন না।’ যদিও বাগদাদির এই অডিও বার্তা নিয়ে প্রশ্ন উঠেছে। কারণ হলো, এর আগে আইএস নেতা বাগদাদির মৃত্যু অথবা গুরুতর আহত হওয়ার খবর বেরিয়েছিল। কিন্তু বাগদাদির ভাগ্যে কী ঘটেছে এবং তিনি কোথায় আছেন তা এখনো অজানা। কেউ কেউ মনে করেন, বাগদাদি যোদ্ধাদের সঙ্গে মসুলেই অবস্থান করছেন। দুই বছর আগে ইরাকের দ্বিতীয় বৃহত্তম শহর মসুলে আইএস নেতা আবু বকর আল বাগদাদি খেলাফত ঘোষণা করেন।
মসুলের পূর্বের কুকজালি জেলা দখলের পর গত বুধবার ইরাকের সরকারি বাহিনী সড়কে সড়কে চিরুনি অভিযান চালায়, যার উদ্দেশ্য ছিল আইএসের অবশিষ্ট কোনো যোদ্ধা রয়ে গেল কি না, তা নিশ্চিত হওয়া। আর অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল দাবি করেছে, সুন্নি আধা সামরিক বাহিনীর কিছু অংশ স্থানীয় পুরুষদের ওপর প্রতিশোধমূলক হামলা চালাচ্ছে, যার সঙ্গে আইএসের সম্ভাব্য সম্পৃক্ততার জোরালো প্রমাণ পাওয়া গেছে।