ভয়াবহ ভূমিকম্প আঘাত হানার প্রথম বার্ষিকীতে গতকাল সোমবার রাজধানী কাঠমান্ডু ও এর আশপাশের ঐতিহাসিক স্থাপনাগুলো পুনর্নির্মাণের ঘোষণা দিলেন দেশটির প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি। এক বছরে সরকারি ত্রাণ তৎপরতা নিয়ে ক্ষতিগ্রস্ত মানুষের ক্ষোভ রয়েছে। সরকার পুনর্গঠনকাজে ধীরগতির কথা স্বীকার করে বলছে, এ কাজ এখন দ্রুতগতি পাবে।
গত বছরের ২৫ এপ্রিল প্রলয়ংকরী ভূমিকম্পে নিহত হয় প্রায় নয় হাজার মানুষ। ৭ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প গৃহহীন করে প্রায় ৪০ লাখ মানুষকে। পাঁচ লাখ বাড়ি ধ্বংস হয়। এর মধ্যে এক বছরে সামান্যই পুনর্নির্মাণ করা সম্ভব হয়েছে।
গতকাল সকালে ঐতিহাসিক নগর অনন্তপুরে ধ্বংস হওয়া মন্দিরের সামনে প্রার্থনা করেন প্রধানমন্ত্রী ওলি। এই মন্দিরসহ ছয় শর বেশি ঐতিহাসিক স্থাপনা ধ্বংস হয়।
প্রধানমন্ত্রী ওলি গতকাল অনন্তপুরে ঘোষণা দেন, পুনর্গঠনের কাজ জোরদার করা হবে। তিনি কাঠমান্ডুর দরবার স্কয়ারের পুরোনো রাজপ্রাসাদ ও মন্দির, পাটান এবং ভক্তপুর শহরের স্থাপনাগুলো পুনর্নির্মাণের ঘোষণা দেন।