পুনর্দখলের দাবি আফগান বাহিনীর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আফগানিস্তানের সেনাবাহিনী গতকাল বৃহস্পতিবার তালেবান জঙ্গিদের হাত থেকে উত্তরাঞ্চলীয় শহর কুনদুজের বিভিন্ন গুরুত্বপূর্ণ অংশ পুনর্দখলের দাবি করেছে। আগের রাতে সরকারি বাহিনীর বড় ধরনের পাল্টা অভিযানে এ সাফল্য পাওয়া যায় বলে দাবি করছেন আফগান সরকারের কর্মকর্তারা। খবর বিবিসির।
কুনদুজ পুলিশের মুখপাত্র সাঈদ সারওয়ার হুসাইনি গতকাল বলেন, আফগান সেনাবাহিনী গভর্নর, পুলিশপ্রধান ও গোয়েন্দা সংস্থার কার্যালয় পুনর্দখল করেছে। শহরের রাস্তায় রাস্তায় তালেবান যোদ্ধাদের মৃতদেহ পড়ে আছে।
তবে তালেবান বাহিনী জোর দিয়ে বলেছে, শহরের বেশির ভাগ অংশ তাদের নিয়ন্ত্রণে আছে। তালেবান মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, তাঁরা এখনো শহরের অধিকাংশ জায়গা নিয়ন্ত্রণে রেখেছেন। শহরকে কেন্দ্র করে নিরাপত্তাবেষ্টনী তৈরি করেছেন।
গত সোমবার তালেবান জঙ্গিদের হাতে কুনদুজ শহর দখল হওয়ার বিষয়টি আফগান প্রেসিডেন্ট আশরাফ গনির সরকারের ওপর বড় ধরনের আঘাত হিসেবে দেখা হচ্ছে। তবে তালেবান নিয়ন্ত্রণ থেকে শহরটির ‘পুনর্দখলকেও’ সেনাবাহিনীর অন্যতম বড় সফলতা হিসেবে দাবি করছে সরকার।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাদিক সিদ্দিকি বলেন, কুনদুজ পুনরুদ্ধার তালেবানদের প্রতি বড় আঘাত। এই অভিযানে ২০০ তালেবান জঙ্গি মারা পড়েছে। এই বিজয় প্রমাণ করে আফগান সেনাবাহিনী যুদ্ধ জয়ে সক্ষম।
আফগানিস্তান থেকে যুক্তরাষ্ট্রসহ পাশ্চাত্যের বাহিনী প্রত্যাহারের পর স্থানীয় সরকারি বাহিনী শক্তিশালী তালেবানের হামলা মোকাবিলা করতে কতটা সক্ষম হবে, তা নিয়ে উদ্বেগ রয়ে গেছে।
প্রত্যক্ষদর্শীরা বলেছে, গত বুধবার কুনদুজ শহরের সড়কগুলোতে বোমা পুঁতে রাখতে দেখা গেছে তালেবান যোদ্ধাদের।