পুরুলিয়ায় লড়ছেন চার মাহাত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মৃগাঙ্ক মাহাত, জ্যোতির্ময় মাহাত, বীর সিং মাহাত ও নেপাল মাহাত। ছবি: ভাস্কর মুখার্জি
মৃগাঙ্ক মাহাত, জ্যোতির্ময় মাহাত, বীর সিং মাহাত ও নেপাল মাহাত। ছবি: ভাস্কর মুখার্জি

পশ্চিমবঙ্গের লোকসভা নির্বাচনে পুরুলিয়া আসনে রাজ্যের শীর্ষ চারটি রাজনৈতিক দল প্রার্থী দিয়েছে। চার দলের চার প্রার্থীই মাহাত সম্প্রদায়ের। মাহাত একটি পদবি। পশ্চিমবঙ্গে মাহাতদের বেশি দেখা যায় পুরুলিয়া জেলায়। নেপালেও মাহাত সম্প্রদায়ের মানুষ রয়েছে।

এবার পুরুলিয়া আসনে তৃণমূল প্রার্থী করেছে গত নির্বাচনে জয়ী মৃগাঙ্ক মাহাতকে। বিজেপি প্রার্থী করেছে জ্যোতির্ময় মাহাতকে। বামফ্রন্ট করেছে বীর সিং মাহাতকে। কংগ্রেস নেপাল মাহাতকে।

পুরুলিয়া পশ্চিমবঙ্গের অনগ্রসর ও মাওবাদী–অধ্যুষিত একটি জেলা। লোকসভা নির্বাচনে একটি আসন রয়েছে পুরুলিয়ায়। আসনটির অন্তর্ভুক্ত সাতটি বিধানসভা আসনের মধ্যে দুটি তফসিলি জাতি এবং দুটি তফসিলি উপজাতি সম্প্রদায়ের জন্য সংরক্ষিত। পুরুলিয়া আসনের লোকসভা নির্বাচন হতে যাচ্ছে ১২ মে।

পুরুলিয়া আসনটি একসময় বামদের দখলে থাকলেও তা এখন তৃণমূলের হাতে। তবে গত বছরের পঞ্চায়েত নির্বাচনে এ আসনে ভালো ফল করে বিজেপি। তাই এই আসন তৃণমূলের হাত থেকে ছিনিয়ে নিতে আদাজল খেয়ে মাঠে নেমেছে বিজেপি।

মাহাতদের লড়াইয়ে চার মাহাতই দাবি করেছেন এবার আসনটি যাবে তাঁর থলিতে। রাজনৈতিক পর্যবেক্ষকেরা কিন্তু মনে করছেন, এখানে লড়াই হবে তীব্র। ফলে, কে জিতবেন, তা এখনো স্পষ্ট হয়নি। তবে পাল্লা কিছুটা ঝুঁকে বিজেপির দিকে।

মৃগাঙ্ক ২০১৪ সালে এই আসনের সাংসদ হয়েছিলেন। ২০০৯ সালে এই আসনে জয়ী হয়েছিল বামফ্রন্ট। মৃগাঙ্ক মাহাত তৃণমূলের কেন্দ্রীয় কমিটির সদস্য। পেশায় তিনি চক্ষু বিশেষজ্ঞ। পুরুলিয়া জেলা হাসপাতালের সঙ্গে যুক্ত।

বামফ্রন্ট প্রার্থী করেছে শরিক দল ফরোয়ার্ড ব্লকের বীর সিং মাহাতকে। বীর সিং এই এলাকার পরিচিত নাম। ফরোয়ার্ড ব্লকও এই এলাকায় একসময় শক্তিশালী দল ছিল। তিনি এই আসনে চারবার সাংসদ হয়েছেন। ২০১৪ সালে তিনি হেরে যান। এবারও তিনি এই আসনে প্রার্থী হয়েছেন।

বিজেপির প্রার্থী হয়েছেন জ্যোতির্ময় মাহাত। তিনি বিজেপির পুরুলিয়া জেলা কমিটির সাধারণ সম্পাদক। তিনি প্রথমে বিজেপির ছাত্রসংগঠন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের সঙ্গে যুক্ত ছিলেন। ২০১০ সালে তিনি বিজেপিতে যোগ দেন। তিনি এখানের বাঘমুন্ডি বিধানসভা আসনে লড়ে হেরে যান। জয়ী হন কংগ্রেসের নেপাল মাহাত।

কংগ্রেস এবার এ আসনে প্রার্থী করেছে নেপাল মাহাতকেই। নেপাল মাহাত পুরুলিয়া লোকসভা আসনের বাঘমুন্ডি বিধানসভা আসন থেকে ২০১১ এবং ২০১৬ সালে পরপর দুবার জয়ী হন। তাই কংগ্রেস এবার এই আসনে প্রার্থী করেছে নেপাল মাহাতকে। পেশায় তিনি একজন শিক্ষক।

বিজেপির প্রার্থী জ্যোতির্ময় মাহাত ঘোষণা দিয়েছেন, এবার এই আসনে বিজেপি জিতবে দুই লাখ ভোটের ব্যবধানে। তবে জয়ের ব্যাপারে আশা ছাড়ছেন না তৃণমূল, বামফ্রন্ট ও কংগ্রেসের প্রার্থীরা। তাঁরাও জয়ের আশা নিয়ে নির্বাচনী ময়দান চষে বেড়াচ্ছেন। ২৩ মে জানা যাবে কোন মাহাতের ভাগ্যে জুটছে পুরুলিয়া আসনটি।