পুরোনো গাড়ি দিয়ে ইলেকট্রিক গাড়ি বানালেন নারী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রোজমেরি পেনওয়ার্ডেনের গাড়ি
ছবি : সংগৃহীত

২৯ বছরের পুরোনো ও পরিত্যক্ত একটি গাড়ি কিনেছিলেন। পরে সেটিকে আমূল বদলে ফেলেন তিনি। পুরোনো সেই গাড়ি ব্যবহার করে বানিয়ে ফেলেন ইলেকট্রিক একটি গাড়ি। বলছি নিউজিল্যান্ডের ৬৩ বছর বয়সী নারী রোজমেরি পেনওয়ার্ডেনের কথা। এই বয়সে যেখানে নাতি–নাতনিদের সঙ্গে হেসেখেলে অবসরজীবন কাটানোর কথা, সেখানে বাড়িতে বসেই আস্ত একটি ইলেকট্রিক গাড়ি বানিয়ে সবাইকে চমকে দিয়েছেন তিনি।

যুক্তরাজ্যের সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান–এর প্রতিবেদনে বলা হয়েছে, নিউজিল্যান্ডের সাউথ আইল্যান্ডের সড়কে এখন দিব্যি চলছে রোজমেরির বানানো নতুন গাড়িটি। তবে এটি বানাতে তাঁকে হাড়ভাঙা খাটুনি খাটতে হয়েছে। একজন প্রকৌশলী বন্ধু হোগেন ব্রাগম্যানকে সঙ্গে নিয়ে তিনি আট মাসের চেষ্টায় গাড়িটি বানিয়েছেন। এ জন্য পকেট থেকে গুনতে হয়েছে ২৪ হাজার ডলার।

রোজমেরি জানান, পুরোনো গাড়িটি ছিল ১৯৯৩ সালের মডেলের। গাড়িটি কেনার পর বাড়িতে এনে প্রথমে ইঞ্জিন বদলে ফেলেন তিনি। নতুন ইলেকট্রিক ইঞ্জিন বসান। বদলে ফেলেন গিয়ারবক্স এবং হুড ও বুটে বসানো হয় ব্যাটারি। এভাবেই ধীরে ধীরে পুরোনা গাড়িটি নতুন ও পরিবর্তিত রূপ পায়। বাড়িতেই চার্জ দিতে পারেন গাড়িটি।

রোজমেরি পরিবেশবাদী। জলবায়ু পরিবর্তন ও বৈশ্বিক উষ্ণায়নের অভিঘাত তাঁকে ভাবায়। পরিবেশদূষণের বিরুদ্ধে দীর্ঘদিন থেকে প্রচারে সোচ্চার তিনি। নতুন প্রজন্মের জন্য একটি বসবাসযোগ্য পৃথিবী গড়তে আগ্রহ রয়েছে তাঁর। এমন ভাবনা থেকেই ষাটোর্ধ্ব এই নারী ডিজেল ও পেট্রলচালিত পুরোনা গাড়িকে পরিবেশবান্ধব যানবাহনে বদলে ফেলতে চেয়েছিলেন। এমন একটি গাড়ি বানাতে চেয়েছিলেন, যেটি ব্যবহারে জ্বালানি খরচ অনেক কম হবে। সেই ভাবনা থেকেই বন্ধুকে সঙ্গে নিয়ে কাজে ঝাঁপিয়ে পড়েন।

সংবাদমাধ্যমের কাছে মজা করে রোজমেরি বলেন, ‘এমন কাজ করতে আপনাকে কিঞ্চিৎ পাগল হতে হবে। তবে আমি ভাগ্যবতী যে বাড়িতে বসেই এ কাজ করতে পেরেছি। উৎসাহ দেওয়ার জন্য জ্বালানি তেল কোম্পানিগুলোকে অসংখ্য ধন্যবাদ।’ রোজমেরির বন্ধু হোগেন ব্রাগম্যান এখন আরও আটটি পুরোনা গাড়িকে নতুন ও পরিবেশবান্ধব ইলেকট্রিক গাড়িতে পরিবর্তনের কাজ করছেন।