পুরোনো বন্ধুর কাছে টিকা চাইল নেপাল
জরুরি ভিত্তিতে টিকা দিতে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসনের প্রতি আহ্বান জানিয়েছেন নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি। করোনাভাইরাসের সংক্রমণ বাড়ায় নেপালে পরিস্থিতি ভয়ংকর হয়ে উঠেছে। ওলি বলেন, যুক্তরাজ্যে নেপালের গোর্খা সেনারা নিজের জীবন বিপন্ন করে দায়িত্ব পালন করছেন। এ কারণে পুরোনো বন্ধু হিসেবে যুক্তরাজ্যের অগ্রাধিকার ভিত্তিতে নেপালে টিকা সরবরাহ করা উচিত। খবর এএফপির।
গত মে মাস থেকে নেপালে করোনার সংক্রমণ বেড়েছে। দেশটিতে গড়ে এক দিনে ৯ হাজারের বেশি মানুষ করোনায় সংক্রমিত হন। এ মাসে নেপালে চার হাজারের বেশি মানুষ মারা গেছেন।
নেপালের প্রধানমন্ত্রী ওলি বলেন, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসনকে তিনি নেপালের পরিস্থিতি বোঝাতে চান।
প্রতিবেশী দেশ ভারতের মতো নেপালের হাসপাতালগুলোতে শয্যা ও অক্সিজেন সরবরাহের সংকট রয়েছে। দেশটির রাজধানী কাঠমান্ডুতে পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। তবে নেপালের গ্রামাঞ্চলে করোনার সংক্রমণ ছড়িয়ে পড়ছে।
ফেব্রুয়ারি মাসের শুরু থেকে নেপালে গড়ে দিনে ১০০ জনের করোনা শনাক্ত হয়েছে। গত এপ্রিল মাসে নেপালে লকডাউন দেওয়া হয়। মে মাসের শুরুতে দেশটিতে দিনে করোনার সংক্রমণ বেড়ে দাঁড়ায় ৯ হাজারে।
ভারতের সঙ্গে সীমান্ত খোলা থাকায় করোনার ডেলটা ধরন নেপালে দ্রুত ছড়িয়েছে। হিমালয়কন্যা নেপালে যুক্তরাজ্য থেকে ২৬০টি ভেন্টিলেটর, ২ হাজার পিপিই কিট পৌঁছেছে। তবে নেপালের প্রধানমন্ত্রী ওলি বলেছেন, তাঁর বেশি প্রয়োজন টিকা।
নেপালের ৩ কোটি জনগণের ৩ শতাংশের কম জনগোষ্ঠীকে টিকা দেওয়া হয়েছে।
ওলি বলেছেন, ‘যদি আমরা জনগণকে টিকা দিতে পারি, তাহলে করোনা নিয়ন্ত্রণে রাখতে পারব। তা না হলে পরিস্থিতি আমাদের জন্য কঠিন হয়ে যাবে।’
নেপাল সরকার চীন থেকে টিকা আনার নির্দেশ দিয়েছে। তবে নেপালে যাঁরা অ্যাস্ট্রাজেনেকার প্রথম ডোজ নিয়েছেন, তাঁরা আর দ্বিতীয় ডোজ পাচ্ছেন না। ভারত থেকে প্রতিশ্রুতি অনুসারে টিকা পেতে দেরি হওয়ার কারণে দেশটিতে এই সংকট দেখা দিয়েছে। এই পরিস্থিতিতে ওলি নেপালের পুরোনো বন্ধু যুক্তরাজ্যের কাছে টিকা চেয়েছেন।
যুক্তরাজ্যের পররাষ্ট্রবিষয়ক মুখপাত্র বিবিসিকে বলেছেন, নেপালে তাঁরাই প্রথম স্বাস্থ্য বিশেষজ্ঞ পাঠিয়েছেন ও চিকিৎসা সহায়তা দিয়েছেন। কোভ্যাক্স কর্মসূচিতে যুক্তরাজ্য টিকা সরবরাহ করেছে। এ বছর নেপালসহ কোভ্যাক্সের আওতায় থাকা দেশগুলোতে ১০০ কোটির বেশি টিকা দিতে প্রতিশ্রুতিবদ্ধ যুক্তরাজ্য।
ওলি বলছেন, নেপালের পররাষ্ট্রমন্ত্রী যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ডমিনিক রাবের সঙ্গে টিকা ইস্যুতে কথা বলেছেন। তবে তিনি সরাসরি বরিস জনসনের সঙ্গে ফোনে যোগাযোগ করতে চান। যুক্তরাষ্ট্র এশিয়ায় ৭০ লাখ টিকা পাঠাবে বলে ঘোষণা দিয়েছে। এর একাংশ নেপালেও পাঠানো হবে।
করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে ব্যর্থতার অভিযোগ রয়েছে ওলির বিরুদ্ধে। এর আগে তিনি বলেছিলেন, পেয়ারা পাতা ও হলুদে করোনো সেরে যায়। খাদ্যাভ্যাসের কারণে নেপালিদের রোগ প্রতিরোধক্ষমতা শক্তিশালী বলেও তিনি মন্তব্য করেন।
গত মাসে নেপালে করোনার সংক্রমণ যখন বাড়তে থাকে, তখন ওলি পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে দাবি করেন।