মিসরে পুলিশের ওপর হামলার দায়ে নিষিদ্ধ সংগঠন মুসলিম ব্রাদারহুডের ১৮৮ সমর্থকের মৃত্যুদণ্ড হয়েছে। দেশটির একটি আদালত গত মঙ্গলবার এ রায় দেন। রাজধানী কায়রোর কাছাকাছি কেরদাসা এলাকায় পুলিশের দপ্তরে গত বছরের ১৪ আগস্ট ওই হামলা হয়েছিল। খবর এএফপি ও বিবিসির।
মামলায় দেশটির সাবেক স্বৈরশাসক হোসনি মোবারক বেকসুর খালাস পেয়েছেন। তবে এ ব্যাপারে রাষ্ট্রপক্ষ আপিল করবে। ২০১৩ সালের ওই হামলায় পুলিশের ১৩ জন সদস্য নিহত হন। একই দিনে কায়রোয় নিরাপত্তা বাহিনীর অভিযানে ব্রাদারহুডের অন্তত ৭০০ জন বিক্ষোভরত সমর্থক নিহত হয়।
আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ও হিউম্যান রাইটস ওয়াচ গতকাল বুধবার এ গণদণ্ডাদেশের নিন্দা করে বিবৃতি দিয়েছে।
মিসরে সাম্প্রতিক সময়ে শত শত মানুষের মৃত্যুদণ্ড হলেও কোনোটিই কার্যকর হয়নি। সর্বশেষ মৃত্যুদণ্ডের আদেশগুলোর কার্যকারিতা দেশটির শীর্ষ ধর্মীয় কর্তৃপক্ষ গ্র্যান্ড মুফতির মতামতের ওপর নির্ভর করবে।
ব্রাদারহুড নেতা প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসির বিরুদ্ধে ব্যাপক গণবিক্ষোভের পর গত বছরের জুলাইয়ে তাঁকে সরিয়ে দেয় সেনাবাহিনী। তখনকার সেনাপ্রধান আবদুল ফাত্তাহ আল-সিসি বর্তমানে মিসরের প্রেসিডেন্ট।
হোসনি মোবারককে গত শনিবারও বিক্ষোভকারীদের হত্যার নির্দেশ দেওয়ার মামলায় সব ধরনের অভিযোগ থেকে অব্যাহতি দেওয়া হয়। ২০১১ সালে আরব জাগরণের মাধ্যমে ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে তিনি কারাবন্দী রয়েছেন।
এদিকে প্রেসিডেন্ট আল-সিসির দপ্তর থেকে গতকাল বলা হয়েছে, তাঁর দুই পূর্বসূরি মোহাম্মদ মুরসি ও হোসনি মোবারকবিরোধী আন্দোলনকে ‘অবমাননা’ করলে তা অবৈধ কাজ হিসেবে গণ্য করার আইন আসছে।