পূর্ব আলেপ্পো থেকে হাজারো মানুষ পালাচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরিয়ার আলেপ্পোর বিদ্রোহী-অধ্যুষিত ভূখণ্ডের এক-তৃতীয়াংশ পুনরায় দখলে নিয়েছে দেশটির সেনাবাহিনী। সেনাবাহিনীর অভিযানের মুখে বিদ্রোহী-নিয়ন্ত্রিত পূর্ব আলেপ্পোর বিভিন্ন এলাকা থেকে হাজারো মানুষ পালাচ্ছে। আজ সোমবার বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

আলেপ্পোর পূর্ণ নিয়ন্ত্রণ নিতে সিরীয় সেনাবাহিনী তাদের অভিযান অব্যাহত রেখেছে। তারা ১৫ নভেম্বর নতুন করে অভিযান শুরু করে। অভিযানের ১৪তম দিনে সেনাবাহিনী বেশ অগ্রগতি অর্জন করেছে।

যুক্তরাজ্যভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটসের প্রধান রামি আবদেল রহমান বলেন, আলেপ্পোয় বিদ্রোহীরা তাদের অন্তত ৩০ শতাংশ ভূখণ্ড হারিয়েছে।

সংগঠনটির ভাষ্য, সিরীয় সেনাবাহিনী পূর্ব আলেপ্পোর ছয়টি এলাকা পুনর্দখল করেছে। এগুলো হলো বাদিন, জাবাল বাদরা, ইনজারাত, আল-সাকান, আল-শাবি ও আইন আল-তাল।

এ ছাড়া হানানো ও হোলাকের পুনর্দখল সেনাবাহিনী নিয়েছে বলে খবর পাওয়া গেছে।

অবজারভেটরি বলছে, সেনাবাহিনীর অভিযানের মুখে পূর্ব আলেপ্পো থেকে প্রায় ১০ হাজার বেসামরিক মানুষ পালিয়েছে।

সিরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম বলা হচ্ছে, দেড় হাজার মানুষ পালিয়েছে।

রাশিয়া বলছে, এই সংখ্যা আড়াই হাজার হতে পারে।

পূর্ব আলেপ্পোয় ঠিক কী ঘটছে, তার স্পষ্ট চিত্র পাওয়া দুরূহ। সেখানকার পরিস্থিতি সম্পর্কে নানা সূত্র থেকে তথ্য আসছে। তবে সেসব তথ্যের সত্যতা নিরপেক্ষভাবে যাচাই করা সম্ভব হয়নি।

পূর্ব আলেপ্পোয় প্রায় তিন লাখ মানুষ রয়ে গেছে বলে ধারণা করা হচ্ছে। সেখানে খাদ্য ও ওষুধের চরম সংকট দেখা দিয়েছে।

অবজারভেটরির ভাষ্য, সেনাবাহিনীর এই অভিযানে দুই শতাধিক বেসামরিক মানুষ নিহত হয়েছে। নিহত ব্যক্তিদের মধ্যে নারী ও শিশুরা রয়েছে।

পুরো আলেপ্পোর নিয়ন্ত্রণ নিতে পারলে তা হবে প্রেসিডেন্ট বাশার আল-আসাদ সরকারের জন্য বড় বিজয়।