পূর্ব আলেপ্পোর দুই-তৃতীয়াংশ সেনাবাহিনীর দখলে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরিয়ার সরকারি বাহিনী দেশটির পূর্ব আলেপ্পোর দুই-তৃতীয়াংশ এলাকা বিদ্রোহীদের হাত থেকে পুনরুদ্ধার করে ফেলেছে। উদ্ধার করা এলাকার মধ্যে আলেপ্পোর ‘ওল্ড সিটি’ হিসেবে পরিচিত ঐতিহাসিক পুরোনো এলাকাও রয়েছে। নভেম্বরের মাঝামাঝিতে শুরু হওয়া অভিযানের পর থেকে এ পর্যন্ত সেখান থেকে ৮০ হাজার লোক পালিয়ে গেছেন। এখনো সেখানে আড়াই লাখ লোক অবরুদ্ধ হয়ে আছেন।
যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার পর্যবেক্ষণ সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস গতকাল বুধবার এ কথা জানিয়েছে।
পর্যবেক্ষণ সংস্থাটি বলেছে, তিন সপ্তাহ ধরে সরকারি বাহিনী সেখানে অভিযান চালাচ্ছে। সর্বশেষ গত মঙ্গলবার রাতভর অভিযান চালিয়ে তারা বাশারবিরোধী যোদ্ধাদের হটিয়ে ঐতিহাসিক পুরোনো এলাকার দখল নেয়।
অবজারভেটরি বলেছে, সরকারি বাহিনী বাব-আল-হাদিদ ও আকিউল এলাকা দখল করে নেওয়ার পর পার্শ্ববর্তী ঐতিহাসিক পুরোনো এলাকা থেকে বিদ্রোহীরা তাদের অবস্থান গুটিয়ে নেয়। সরকারি বাহিনী যেকোনো সময় ঘিরে ফেলতে পারে, এমন শঙ্কা থেকে পুরোনো এলাকার সর্বশেষ অংশ থেকেও তারা বিদায় নেয়।
অবজারভেটরি বলেছে, মঙ্গলবার সরকারি বাহিনীর গোলার আঘাতে পূর্ব আলেপ্পোতে নারী-শিশুসহ কমপক্ষে ১৫ জন নিহত হয়েছেন। অন্যদিকে সরকার-নিয়ন্ত্রিত এলাকায় বিদ্রোহীদের গোলার আঘাতে কমপক্ষে ১১ জন নিহত হয়েছেন। তাঁদের মধ্যেও নারী-শিশু রয়েছে।
অবজারভেটরি ফর হিউম্যান রাইটসের প্রধান রামি আবদেল রহমান বলেন, পালিয়ে যাওয়া ৮০ হাজার লোক সরকার-নিয়ন্ত্রিত পশ্চিম আলেপ্পো এবং দক্ষিণ ও পূর্ব আলোপ্পোর মাঝামাঝিতে অবস্থিত কুর্দি-নিয়ন্ত্রিত এলাকায় পালিয়ে গেছেন। তবে দক্ষিণের বিদ্রোহী-নিয়ন্ত্রিত এলাকায় যাঁরা পালিয়েছেন, তাঁদের এই সংখ্যায় অন্তর্ভুক্ত করা হয়নি। তিনি বলেন, সেখানে সরকারি বাহিনীর অবরোধের মধ্যে যে আড়াই লাখ লোক আটকা পড়েছেন, তাঁরা খাবারসহ নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের অভাবে মানবেতর জীবন যাপন করছেন।