পূর্ব তিমুরের উপকূলে ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি
পূর্ব তিমুরের উপকূলে আজ শুক্রবার ভূমিকম্প আঘাত হেনেছে। খবর এএফপির।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার (ইউএসজিএস) তথ্য অনুযায়ী, রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৬ দশমিক ১।
ভূমিকম্পের পর অঞ্চলটিতে সুনামি সতর্কতা জারি করে ভারত মহাসাগরীয় সুনামি সতর্কতা ও প্রশমন ব্যবস্থা (আইওটিডব্লিউএমএস) কর্তৃপক্ষ।
ইউএসজিএস জানায়, ভূমিকম্পটির উৎপত্তিস্থল পূর্ব তিমুর ও ইন্দোনেশিয়ার মধ্যকার তিমুর দ্বীপের পূর্ব প্রান্ত। ভূমিকম্পটির গভীরতা ছিল ৫১ দশমিক ৪ কিলোমিটার।
ভূমিকম্পে কোনো ধরনের ক্ষয়ক্ষতির খবর তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
ভূমিকম্পের সময় পূর্ব তিমুরের রাজধানী দিলিতে অবস্থান করছিলেন এএফপির এক সাংবাদিক। তিনি বলেন, তিনি ভূমিকম্প টের পেয়েছেন। ভূমিকম্পটির স্থায়িত্বকাল ছিল খুব কম। ভূমিকম্পের রেশ কেটে যাওয়ার পর লোকজন স্বাভাবিকভাবে কাজকর্মে ফিরে যান।
প্রশান্ত মহাসাগরীয় ‘রিং অব ফায়ার’ অঞ্চলে পূর্ব তিমুর ও ইন্দোনেশিয়ার অবস্থান। এটি অত্যন্ত ভূমিকম্পপ্রবণ এলাকা।
গত ফেব্রুয়ারিতে ইন্দোনেশিয়ার উত্তর সুমাত্রায় ৬ দশমিক ২ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। এতে বেশ কিছু মানুষ নিহত হয়।
২০০৪ সালে সুমাত্রা উপকূলে ৯ দশমিক ১ মাত্রার ভূমিকম্প হয়। এই ভূমিকম্পের জেরে অঞ্চলটিতে ভয়াবহ সুনামি আঘাত হানে। এতে প্রায় ২ লাখ ২০ হাজার মানুষ প্রাণ হারায়। এর মধ্যে শুধু ইন্দোনেশিয়াতেই প্রায় ১ লাখ ৭০ হাজার মানুষের মৃত্যু হয়।
দক্ষিণ-পূর্ব এশিয়ার নবীন দেশ পূর্ব তিমুর। দেশটির জনসংখ্যা ১৩ লাখ। সম্প্রতি দেশটি ইন্দোনেশিয়া থেকে স্বাধীনতা লাভের ২০তম বার্ষিকী উদ্যাপন করে।