পৃথিবীর কক্ষপথের দিকে চীনের মহাকাশযান
চীন গতকাল সোমবার সকালে দুজন নভোচারীকে পৃথিবীর কক্ষপথে পাঠিয়েছে। এ প্রকল্পটিকে দেশটির মহাকাশ অভিযানের সক্ষমতা বৃদ্ধির প্রচেষ্টার অংশ হিসেবে দেখা হচ্ছে।
চীনা কর্মকর্তারা বলছেন, দুই নভোচারী উত্তর চীনের জিউকুয়ান উপগ্রহ উৎক্ষেপণকেন্দ্র থেকে যাত্রা করেন। পরিকল্পনামতো তাঁরা চীনের পরীক্ষামূলক মহাকাশ গবেষণাকেন্দ্র তিয়ানগং ২-এ নভোযান ভেড়াবেন এবং সেখানে ৩০ দিন থাকবেন। এটা হবে কোনো চীনা নভোচারীর সবচেয়ে দীর্ঘ সময় মহাকাশে অবস্থান।
জিং হাইপেং (৪৯) ও চেন দংকে (৩৭) বহনকারী নভোযান শেনঝউ-১১ স্থানীয় সময় সকাল সাড়ে সাতটায় রওনা হয়। একটি ‘লং মার্চ ২ এফ’ রকেট এটিকে মহাকাশে নিয়ে যায়। দুই নভোচারীর মধ্যে জিং হাইপেং ইতিমধ্যেই দুবার মহাকাশ অভিযানে গেছেন।
তিয়ানগং ২-এ পৌঁছাতে নভোচারীদের দুদিনের মতো সময় লাগবে। তাঁরা সেখানে মহাকাশে গাছের বৃদ্ধি ও নিজেদের শরীরের ওপর সেখানে অবস্থানের প্রভাব নিয়ে পরীক্ষা-নিরীক্ষা চালাবেন। তিয়ানগং ২-এ মানুষের দীর্ঘ বসবাসের উপযোগিতা পরীক্ষা করাই এ মিশনের লক্ষ্য। চীনের এটিসহ আগের কয়েকটি মহাকাশ অভিযানকে চাঁদ বা মঙ্গল গ্রহে মানুষবাহী নভোযান পাঠানোর প্রস্তুতি হিসেবে দেখা হচ্ছে।
চীন তার মহাকাশ কর্মসূচি ক্রমেই জোরদার করছে। দেশটির নভোচারীরা ইতিমধ্যেই একবার মহাকাশযানের বাইরে ‘স্পেস ওয়াক’ বা ‘ভেসে থেকে’ কাজ করেছেন। রাশিয়া ও যুক্তরাষ্ট্রের পর চীনই একমাত্র দেশ, যে মহাকাশে মানুষবাহী যান পাঠিয়েছে।