প্যারিস চুক্তি রক্ষার অঙ্গীকার করল চীন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জীবাশ্ম জ্বালানির ব্যবহার হ্রাসের মাধ্যমে জলবায়ু পরিবর্তন ঠেকাতে সম্পাদিত ঐতিহাসিক প্যারিস চুক্তি রক্ষার অঙ্গীকার করেছেন চীনের প্রেসিডেন্ট সি চিন পিং। তবে অন্যতম শীর্ষ গ্রিনহাউস গ্যাস নিঃসরণকারী দেশ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী এ চুক্তি থেকে বেরিয়ে যাবেন কি না, এ সিদ্ধান্ত এখনো নেননি।
বিশ্বের পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ প্যারিস চুক্তি নিয়ে সি চিন পিং ফ্রান্সের নতুন প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁর সঙ্গে এক টেলিফোন সংলাপে তাঁর অঙ্গীকারের কথা জানান। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় গতকাল বুধবার এক বিবৃতিতে এ খবর দিয়েছে। বিবৃতিতে বলা হয়, ফোনালাপে সি চিন পিং ফরাসি প্রেসিডেন্টকে বলেন, চীন ও ফ্রান্সের উচিত প্যারিস জলবায়ু চুক্তিসহ বিশ্ব শাসনব্যবস্থার অর্জনগুলো রক্ষা করা।
প্যারিস চুক্তি থেকে বেরিয়ে যাওয়া না-যাওয়া নিয়ে ট্রাম্পের জ্যেষ্ঠ উপদেষ্টাদের মধ্যে বিভক্তির খবরের মধ্যে চীনা প্রেসিডেন্টের এ ঘোষণা এল। অন্যদিকে গত মঙ্গলবার এ বিষয়ে হোয়াইট হাউসে এক বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও পরে তা বাতিল হয়ে যায়। যুক্তরাষ্ট্রে এ নিয়ে একই ইস্যুতে ডাকা বৈঠক দ্বিতীয়বারের মতো বাতিল হয়ে গেল। বৈঠকের নতুন দিন ঘোষণা করা হয়নি।
সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সময় জলবায়ু পরিবর্তন ইস্যুতে যুক্তরাষ্ট্র ও চীন বেশ কিছু যৌথ বিবৃতি দিয়েছে। এমনকি প্যারিস চুক্তি অনুমোদনের সইও করে যৌথ অনুষ্ঠানে। দেশ দুটিকে বিশ্বের সবচেয়ে বেশি গ্রিনহাউস গ্যাস নিঃসরণকারী বিবেচনা করা হয়।