প্রকাশক গ্রেপ্তারে উদ্বেগ জানাবেন হংকং প্রধান
হংকংয়ের প্রধান নির্বাহী সিওয়াই লিউং বলেছেন, চীন সরকারের সঙ্গে তিনি পাঁচ প্রকাশক আটকের বিষয় নিয়ে কথা বলবেন। এ সময় তিনি এসব ঘটনায় উদ্বেগও প্রকাশ করবেন।
গত বছরের অক্টোবরে চারজন এবং ডিসেম্বরে একজন প্রকাশককে আটক করে চীনা কর্তৃপক্ষ। তাঁরা হলেন লুই বো, চিউং জিপিং, গুই মিনহাই, লাম উইং-কি এবং লি পো। তাঁদের মধ্যে গুই মিনহাই বাদে বাকি চারজন চলতি বছরের মার্চ থেকে বিভিন্ন সময় নিজ দেশে ফিরেছেন। চীনা প্রেসিডেন্ট শি জিনপিংকে নিয়ে গল্পের বই প্রকাশের কারণেই তাঁদের আটক করা হয় বলে অনেকে মনে করেন।
পাঁচ প্রকাশকের একজন লাম উইং-কি হংকংয়ে ফিরে বলেছেন, আটক হওয়ার পর তিনি বাঁচার আশাই ছেড়ে দিয়েছিলেন।
হংকংয়ের প্রধান নির্বাহী সিওয়াই লিউং বলেছেন, হংকংয়ের একজন নাগরিক চীনা আইন ভাঙলে কর্তৃপক্ষকে অবহিত করার প্রক্রিয়া নিয়েও তিনি প্রশ্ন তুলবেন। তিনি বিশ্বাস করেন, প্রক্রিয়াটি ‘পুনর্বিবেচনা ও উন্নয়নের’ যথেষ্ট সুযোগ রয়েছে।