প্রচারণার লাউডস্পিকার ফের চালু দ. কোরিয়ার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সীমান্ত-সংলগ্ন এলাকায় প্রচারণার ওই লাউডস্পিকার ফের চালু করেছে দক্ষিণ কোরিয়া। ফাইল ছবি: এএফপি
সীমান্ত-সংলগ্ন এলাকায় প্রচারণার ওই লাউডস্পিকার ফের চালু করেছে দক্ষিণ কোরিয়া। ফাইল ছবি: এএফপি

উত্তর কোরিয়ার ভেতরে প্রচারণা চালানোর লক্ষ্যে ফের লাউডস্পিকার চালু করেছে দক্ষিণ কোরিয়া।
বিবিসি অনলাইনের প্রতিবেদনে জানানো হয়, গত বুধবার উত্তর কোরিয়া প্রথম হাইড্রোজেন বোমার সফল পরীক্ষা চালানোর দাবি করার প্রতিক্রিয়ায় দক্ষিণ কোরিয়া এই পদক্ষেপ নিয়েছে।
সিউলের এই পদক্ষেপে পিয়ংইয়ং ক্ষুব্ধ হতে পারে বলে ধারণা করা হচ্ছে। তারা সীমান্ত অঞ্চলে আরও সেনা সমাবেশ ঘটিয়েছে বলে খবর পাওয়া গেছে।
দক্ষিণ কোরিয়া আজ শুক্রবার ওই লাউডস্পিকারগুলো উত্তর কোরিয়ার দিকে ঘুরিয়ে দেয়।
সীমান্ত-সংলগ্ন ১১টি স্থানে রাখা ওই লাউডস্পিকারে সজোরে কোরীয় পপ বাজানো হচ্ছে। সংবাদ ও আবহাওয়ার তথ্য প্রচার করা হচ্ছে। এ ছাড়া আছে উত্তর কোরিয়া সরকারের বিরুদ্ধে নানা সমালোচনা।
দক্ষিণ কোরিয়ার এক কর্মকর্তা জানিয়েছেন, যেসব স্থানে লাউডস্পিকার বাজানো হচ্ছে, সেসব এলাকায় সতর্কতার মাত্রা বাড়িয়ে দিয়েছে সামরিক বাহিনী।
উদ্ভূত পরিস্থিতিতে দক্ষিণ কোরিয়াকে সংযম দেখানোর আহ্বান জানিয়েছেন যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ফিলিপ হ্যামন্ড। জাপান সফরকালে সিউলের উদ্দেশে তিনি বলেছেন, ফের লাউডস্পিকার চালু করায় উত্তেজনা বাড়বে।
প্রচারণার ক্ষেত্রে সিউলের এই কৌশল পিয়ংইয়ংয়ের জন্য বিরক্তির কারণ।
এক সমঝোতার ভিত্তিতে গত বছর প্রচারণার ওই লাউডস্পিকার বন্ধ করতে রাজি হয়েছিল দক্ষিণ কোরিয়া। প্রচারণার লাউডস্পিকার বন্ধের জন্য অতীতে বল প্রয়োগ করার হুমকি দিয়েছিল উত্তর কোরিয়া।

উত্তর কোরিয়ার হাইড্রোজেন বোমা ফাটানোর দিনই নিউইয়র্কে এক জরুরি বৈঠকে বসে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের ১৫টি সদস্য দেশ। বৈঠকে পিয়ংইয়ংয়ের পরীক্ষা চালানোর কড়া নিন্দা জানানো হয়। একই সঙ্গে উত্তর কোরিয়ার বিরুদ্ধে ‘আরও গুরুত্বপূর্ণ ব্যবস্থা’ সংবলিত একটি নতুন জাতিসংঘ খসড়া প্রস্তাবের কাজ শুরু করা হবে বলে জানান পরিষদের প্রতিনিধিরা।