প্রতিটি সন্ত্রাসী ও তাদের মদদদাতাদের সঙ্গে বোঝাপড়া করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। পূর্ব জেরুজালেমে গত মঙ্গলবার একটি সিনাগগে (ইহুদি উপাসনালয়) হামলার ঘটনায় পাঁচজন ইসরায়েলি নিহত হওয়ার পর এই হুঁশিয়ারি উচ্চারণ করলেন তিনি।
সিনাগগে হামলাকারী হিসেবে অভিযুক্ত দুই ফিলিস্তিনিকে ঘটনাস্থলে গুলি করে হত্যার জেরে জেরুজালেমে ইসরায়েলি বাহিনীর সঙ্গে ফিলিস্তিনিদের ব্যাপক সহিংসতা ছড়িয়ে পড়েছে। বিভিন্ন স্থানে সহিংসতায় গতকাল বুধবার বিকেল পর্যন্ত অন্তত ৫০ জন আহত হয়েছেন। খবর আল-জাজিরা, ইন্ডিপেন্ডেন্ট ও এএফপির।
ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু “জেরুজালেমের জন্য যুদ্ধ” জয়ী হওয়ার অঙ্গীকার করে বলেন, ‘জেরুজালেম চিরকাল আমাদের রাজধানী...আইন কেউ-ই নিজের হাতে তুলে নিতে পারে না।’ তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, সিনাগগে হামলাকারীদের ‘দাঁতভাঙা’ জবাব দেওয়া হবে। প্রার্থনার স্থানে এ হত্যাকাণ্ডের বিরুদ্ধে পশ্চিমারা কঠোর অবস্থান নেবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন নেতানিয়াহু। সিনাগগে হত্যাকাণ্ডের পর ফিলিস্তিনে উল্লাস করা হয়েছে উল্লেখ করে তিনি এর নিন্দা জানান। ইসরায়েলি নাগরিকদের হত্যাকারী প্রত্যেকের বাড়ি গুঁড়িয়ে দেওয়ার নির্দেশও দেন তিনি।
নেতানিয়াহুর নির্দেশের পর ইসরায়েলি সেনারা পূর্ব জেরুজালেমে ফিলিস্তিনি ‘একজন আত্মঘাতী হামলাকারীর’ বাড়ি গুঁড়িয়ে দিয়েছে। ইসরায়েলি সামরিক বাহিনীর এক বিবৃতিতে বলা হয়, গুঁড়িয়ে দেওয়া বাড়িটি একজন সন্ত্রাসী ফিলিস্তিনির। গত ২২ অক্টোবর জেরুজালেমের ট্রাম স্টেশনে ওই ফিলিস্তিনির আত্মঘাতী হামলায় এক ইসরায়েলি শিশু ও এক তরুণী নিহত হয়।
গুঁড়িয়ে দেওয়া বাড়িটিতে ২২ অক্টোবরের হামলাকারী আবদেল রহমান আল-সালুদির পরিবারসহ অন্তত চারটি পরিবার বাস করত। এটি গুঁড়িয়ে দেওয়ার আগে পরিবারগুলোকে বের করে দেওয়া হয়।
এদিকে সিনাগগে হামলার ঘটনায় জড়িত সন্দেহভাজন দুই ফিলিস্তিনি ঘাসান আবু জামাল ও ওদাই আবেদ আবু জামালের এলাকায় গতকাল বুধবার ব্যাপক সহিংসতা হয়েছে। ইসরায়েলি বাহিনীর সঙ্গে ফিলিস্তিনিদের দফায় দফায় সংঘর্ষ চলে। ইসরায়েলি বাহিনী ওই দুই ফিলিস্তিনির বাড়ির দিকে এগিয়ে যাওয়ার প্রস্তুতি নিলে ক্ষুব্ধ ফিলিস্তিনিরা প্রতিরোধ গড়ে তোলে।
সিনাগগের ঘটনায় উত্তেজনার জের ধরে আল-রাম এলাকায় ইসরায়েলি বাহিনীর সঙ্গে সংঘর্ষে আহত হন অন্তত ১০ ফিলিস্তিনি। হাসপাতাল সূত্র জানায়, জেরুজালেমের দক্ষিণাঞ্চলে সুর বাহের এলাকায় অন্তত ২৫ জন আহত হয়েছেন। পশ্চিম তীরে সহিংসতার সময় ইসরায়েলি বাহিনীর রাবার বুলেট ও কাঁদানে গ্যাসে অন্তত পাঁচজন ফিলিস্তিনি আহত হন।
পশ্চিম তীরের রামাল্লাভিত্তিক সংগঠন আদামির অভিযোগ করেছে, মঙ্গলবার ঘাসান আবু জামাল ও ওদাই আবেদ আবু জামালের পরিবারের অন্তত ১০ জন সদস্যকে গ্রেপ্তার করেছে ইসরায়েলি বাহিনী।
আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলেছে, ‘কোনো হামলাকারীর বাড়ি গুঁড়িয়ে দেওয়া মানে হলো সম্মিলিত শাস্তি দেওয়া। একজন ব্যক্তির জন্য পুরো পরিবারকে শাস্তি দেওয়া। এটা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন।’ ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস এক বিবৃতিতে যে কোনো পক্ষের বেসামরিক নাগরিক হত্যার নিন্দা জানিয়েছেন। মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা সিনাগগে হত্যাকাণ্ডকে ‘বর্বরোচিত’ বলে আখ্যা দিয়েছেন। পূর্ব জেরুজালেমে উত্তেজনা কমাতে কাজ করতে উভয় পক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।