সরকারি কর্মীকে গুলি করে হত্যা করেছিলেন দুতার্তে!
ফিলিপাইনের প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তের বিরুদ্ধে দাভাও শহরের মেয়র থাকার সময় রাজনৈতিক প্রতিপক্ষসহ শত শত মানুষকে হত্যা করানোর অভিযোগ উঠেছে। নিজেকে হত্যাকারী দলের সদস্য পরিচয় দিয়ে গতকাল বৃহস্পতিবার সিনেটের একটি কমিটির কাছে এ কথা বলেছেন এক ব্যক্তি।
সিনেট কমিটির কাছে এডগার মাতোবাতো নামের ওই হন্তারক দলের সদস্য বলেন, দুতার্তে ২৫ বছর মেয়র থাকাকালে তাঁর নির্দেশে প্রায় এক হাজার মানুষকে হত্যা করেন তাঁরা। দুতার্তে নিজে এক সরকারি কর্মীকে গুলি করে হত্যা করেছিলেন বলেও দাবি করেন তিনি।
মাতোবাতো বলেন, ‘আমাদের মূল কাজ ছিল অপরাধী, ধর্ষণকারী, ছিনতাইকারীদের ধরে ধরে মেরে ফেলা। দুতার্তের ব্যক্তিগত শত্রুরাও রেহাই পেত না।’
ওই সিনেট কমিটি দুতার্তে প্রেসিডেন্ট হওয়ার পর দেশটিতে সংঘটিত বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের বিষয়ে তদন্ত করছে। বিতর্কিত কথাবার্তার জন্য আলোচিত দুতার্তে গত জুন মাসে ক্ষমতা গ্রহণের পর থেকে কঠোর মাদকবিরোধী অভিযানে ৩ হাজার ১৪০ জন মানুষ নিহত হয়েছে।
মাতোবাতো বলেন, ১৯৯৩ সালে হত্যাকারী দলের সদস্যদের সঙ্গে পথে এক তল্লাশিচৌকিতে জামিসোলা নামের বিচার বিভাগের এক কর্মকর্তার বিতণ্ডা হয়। একপর্যায়ে আহত হন ওই কর্মকর্তা। এরপর দুতার্তে নিজে গুলি করে হত্যা করেন জামিসোলাকে। তিনি আরও অভিযোগ করেন, ১৯৯৩ সালে দাভাও ক্যাথেড্রালে হামলার পর দুতার্তে একটি মসজিদে পাল্টা বোমা হামলার নির্দেশ দিয়েছিলেন।
প্রেসিডেন্ট দুতার্তের মুখপাত্র মার্টিন আনদানার বলেন, এ ধরনের নির্দেশ দেওয়ার মতো ক্ষমতা দুতার্তের ছিল বলে তিনি মনে করেন না।