কাতারের সঙ্গে আরব উপসাগরীয় প্রতিবেশী দেশগুলো কূটনৈতিক সম্পর্ক আচমকা স্থগিত করল কেন, সেই প্রশ্ন ওঠা খুবই স্বাভাবিক। কাতারি আমির তামিম বিন হামাদ আল-থানি গত মাসে এক ভাষণে যুক্তরাষ্ট্রের সমালোচনা করেন এবং ইরানকে সহায়তার প্রস্তাব দেন। পাশাপাশি হামাস ও মুসলিম ব্রাদারহুডের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেন। এ সময় তিনি ইসরায়েলের সঙ্গে কাতারের ‘সুসম্পর্ক’ আছে বলেও উল্লেখ করেন।
কাতারের রাষ্ট্রীয় বার্তা সংস্থা এরপর জানায়, দেশটি সৌদি আরব, বাহরাইন, মিসর ও সংযুক্ত আরব আমিরাত (ইউএই) থেকে নিজেদের রাষ্ট্রদূত প্রত্যাহার করে নিচ্ছে। কারণ, এসব দেশ কাতারের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে বলে দোহার কাছে খবর এসেছে। পরবর্তী সময়ে কাতারের কর্মকর্তারা এসব খবরের সত্যতা অস্বীকার করলও ততক্ষণে অনেক কিছু ঘটে যায়। মূল সমস্যা হলো, এ ধরনের কথাবার্তা প্রকাশ্যে প্রচার হলেও কাতারের সত্যিকারের নীতিগত অবস্থান নিয়ে দীর্ঘদিন ধরেই এসব কানাঘুষা শোনা যাচ্ছিল।
যুক্তরাষ্ট্রের সঙ্গে কাতারের সম্পর্কে উত্তেজনা অনেক দিনের। সামরিক সহযোগিতার ক্ষেত্রে দুটি দেশের কোনো ঝামেলা নেই। কিন্তু কাতারের মালিকানাধীন টেলিভিশন চ্যানেল আল-জাজিরা যেভাবে মধ্যপ্রাচ্যের খবর প্রচার করে, তা নিয়ে যুক্তরাষ্ট্রের অসন্তুষ্টি আছে। এ ছাড়া আঞ্চলিক পর্যায়ে ইসলামিক স্টেটের (আইএস) জঙ্গিদের প্রতি কাতারের প্রচ্ছন্ন সমর্থনের বিষয়টিও যুক্তরাষ্ট্রের অপছন্দ। কাতারে সন্ত্রাসবিরোধী আইন খুব জোরদার নয়।
ফিলিস্তিনি সশস্ত্র সংগঠন হামাস ও মিসরের নিষিদ্ধ সংগঠন মুসলিম ব্রাদারহুডের প্রতি কাতারের প্রকাশ্য সমর্থন নিয়েও সমালোচনা আছে। যুক্তরাষ্ট্র হামাসকে সন্ত্রাসী সংগঠন বলে গণ্য করে। সমস্যাটা হলো, কাতার নিজেদের এসব নীতির ব্যাপারে কোনো রাখঢাক করেনি। মধ্যপ্রাচ্যে ইসলামপন্থীদের প্রতি কাতারের সমর্থন ২০১১ সালের ‘আরব বসন্তের’ সময় থেকেই স্পষ্ট। ব্যাপারটা তাদের পররাষ্ট্রনীতি ও আমলাতন্ত্রের মধ্যেও প্রকাশ পেয়েছে। এ বিষয়ে কাতারের যুক্তি, তারা ইসলামপন্থী সংগঠনগুলোকে সমর্থন করে না। দোহা কেবল চায়, এসব সংগঠন তাৎপর্যপূর্ণ জনসমর্থন অর্জনের অধিকার ভোগ করুক। অন্যদিকে, ইউএই এবং সৌদি আরব এসব সংগঠনকে মধ্যপ্রাচ্য অঞ্চলে শক্তিশালী হতে দিতে নারাজ। তারা এ ব্যাপারে ২০১৪ সালেই কাতারকে বিরত রাখার চেষ্টা করে। কিন্তু কাতারের পররাষ্ট্রনীতিতে খুব বেশি পরিবর্তন ঘটেনি।
হামাদ বিন খলিফা আল-থানির আমলে কাতার স্বতন্ত্র কিছু নীতিমালা অবলম্বন করতে শুরু করে। যেমন: তারা ইসরায়েল ও ইরানের সঙ্গে যোগাযোগ বৃদ্ধি ও সম্পর্কের উন্নয়ন ঘটায় এবং আঞ্চলিক সংগঠন গালফ কো-অপারেশন কাউন্সিলের (জিসিসি) সর্বসম্মত কিছু সিদ্ধান্তে দ্বিমত জানায়। সৌদি আরব ২০০২ থেকে ২০০৮ সাল পর্যন্ত দোহা থেকে নিজেদের রাষ্ট্রদূতকে প্রত্যাহার করে রাখে এবং কাতারের ওপর নানা রকম চাপ দিয়ে তাদের স্বাধীনচেতা আচরণ থেকে বিরত রাখার চেষ্টা চালায়। তবে এ প্রচেষ্টা পুরোপুরিই ব্যর্থ হয়েছে। তবে এখন সৌদি আরব ও ইউএই ব্যর্থ হবে বলে মনে হচ্ছে না। কারণ, এখন কাতারের পাল্লাটা বেশ দুর্বল। দেশটি প্রায় একঘরে হয়ে পড়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব নেওয়ার পর নিজের প্রথম বিদেশ সফরে সৌদি আরবে গিয়েছেন। রিয়াদের সঙ্গে ওয়াশিংটন বড় অঙ্কের অস্ত্রচুক্তি করেছে। সব মিলিয়ে সৌদি আরবের এখন প্রভাব বৃদ্ধির লক্ষণ স্পষ্ট।