প্রতিবেশীদের সহযোগিতায় এ অঞ্চল অপ্রতিরোধ্য হবে: তোফায়েল

দক্ষিণ এশিয়ার দেশগুলির মোট পারস্পরিক বাণিজ্যের পরিমাণ ২৮ বিলিয়ন ডলার। আগামী পাঁচ বছরে এই অঙ্কটি ১০০ বিলিয়নে নিয়ে যেতে গেলে কী কী করা দরকার, রাজধানীতে আপাতত তারই চর্চা চলছে। বিশ্ব ব্যাংকের সহায়তা ও কনফেডারেশন অব ইন্ডিয়ান ইন্ডাস্ট্রিজ (সিআইআই) এর উদ্যোগে সেই চর্চায় অংশ নিয়ে বাংলাদেশের বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ আজ মঙ্গলবার বলেন, যোগাযোগ বৃদ্ধি, পারস্পরিক সহযোগিতা ও একটু মানিয়ে নেওয়ার মানসিকতা এই অসাধ্যসাধন করতে পারে।
এই উপমহাদেশের সার্বিক উন্নয়নের জন্যই একটা সময় সার্ক গঠন হয়েছিল। কিন্তু নানা কারণে সার্ক সেভাবে আঞ্চলিক প্রত্যাশা পূরণ করতে পারছে না। ভুবনিকরণ ও উদারনীতির সুফলও দক্ষিণ এশিয়ার দেশগুলি সেভাবে নিতে পারছে না। ফলে আঞ্চলিক সহযোগিতার ক্ষেত্র বিস্তার লাভ করছে। বাংলাদেশ, ভুটান, ভারত ও নেপাল (বিবিআইএন) সম্প্রতি অবাধ যান চলাচল নিয়ে যে চুক্তি করেছে, তা বাণিজ্যিক বহর বাড়াতে যথেষ্ট সহায়ক হবে। সহযোগিতার এই উদাহরণকে অন্যত্র ছড়িয়ে দেওয়ার একটা তাগিদ এই সম্মেলনে দেখা গেল।
তোফায়েল আহমেদ এর উল্লেখ করে বলেন, প্রতিবেশীরা সহযোগিতার হাত বাড়ালে এই অঞ্চলের শ্রীবৃদ্ধি অপ্রতিরোধ্য হয়ে দাঁড়াবে।
প্রধানত যোগাযোগ বৃদ্ধিই বাণিজ্য বিস্তারের মূল অনুঘটক। সেই ক্ষেত্রে জলপথ ও রেলপথের যোগাযোগের ওপরে বিশেষ গুরুত্ব দেন তিনি।
অবশ্য যোগাযোগ ক্ষেত্রে ভিসা সমস্যা একটা প্রতিবন্ধকতা সৃষ্টি করে, বিশেষ করে বাংলাদেশ ও ভারতের মধ্যে, সেই প্রসঙ্গ দুদিনের এই সম্মেলনে উঠে এসেছে। যেমন এসেছে পণ্য আমদানি-রপ্তানিতে অশুল্ক বাধা। এই প্রসঙ্গেই মানিয়ে নেওয়ার মানসিকতা উঠে আসে। উঠে আসে পারস্পরিক বিশ্বাস ও ভরসার বিষয়টি। বাংলাদেশ-ভারত সম্পর্ক সাম্প্রতিককালে যে উচ্চতায় পৌঁছেছে, সেখানে এই মানসিকতা অনেক বাধা দূর করবে বলে সম্মেলনে অনেকেই আশা প্রকাশ করেছেন। যেমন আন্তর্জাতিক সম্পর্কের বিশিষ্ট চিন্তাবিদ সি রাজামোহন মনে করেন, বাংলাদেশ-ভারত দ্বিপক্ষীয় সম্পর্ক গত কয়েক বছরে এক অনন্য উচ্চতায় পৌঁছেছে বলেই এত দশকের সীমান্ত বিরোধের শান্তিপূর্ণ মীমাংসা হতে পেরেছে। গোটা বিশ্বের কাছে এটা একটা জ্বলন্ত উদাহরণ হয়ে থাকছে।
বাংলাদেশের জনগণের চাহিদা, উন্নয়নের তাগিদ এবং সার্বিক উদ্যোগ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে কীভাবে এগোচ্ছে, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ তার এক সংক্ষিপ্ত চিত্র তাঁর ভাষণে তুলে ধরেন। কৃষিভিত্তিক দেশ হয়েও কীভাবে বস্ত্র রপ্তানিতে প্রথম সারিতে এসেছে, স্বাধীনতার সময় ৫৭ শতাংশ দারিদ্র্য আজ ২৪ শতাংশে নেমে এসেছে এবং কীভাবে ২০২১ সালের মধ্যে বাংলাদেশকে ডিজিটাল অর্থনীতিতে রূপান্তরিত করে মধ্যম আয়ের দেশে উত্তরণ ঘটানো হবে তার উল্লেখ করেন। তিনি বলেন, বাংলাদেশ কৃষিনির্ভর দেশ। কিন্তু কৃষি ক্ষেত্রে বেশ কিছু বাধ্যবাধকতা রয়েছে। তাই সার্বিক উন্নতি ও প্রবৃদ্ধির জন্য নজরটা ক্রমশ উৎপাদন শিল্প ও পরিষেবা ক্ষেত্রের দিকে ঘোরাতে হবে। বিশ্বের দাবিও এটাই।
তোফায়েল আহমেদ বলেন, ‘এই অঞ্চলের দেশগুলি সবাই এই ভাবনারই পথিক। সরকারগুলোর নীতি গরিব, উন্নয়ন ও পরিবেশবান্ধব। তা ছাড়া প্রত্যেকেই সব ধরনের যোগাযোগের প্রয়োজনীয়তা বিরাটভাবে অনুভব করছে। আমাদের নিকট ভবিষ্যৎ তাই উজ্জ্বল।’
সম্মেলনে ভারতের বাণিজ্যমন্ত্রী নির্মলা সীতারামন, নেপালের বাণিজ্যমন্ত্রী সুনীল বাহাদুর থাপা, মালদ্বীপের অর্থমন্ত্রী আবদুল্লা জিহাদ, ভুটানের অর্থমন্ত্রী লিয়ংপো নরবু ওয়াংচুক, বিশ্ব ব্যাংকের শীর্ষ অর্থনীতিবিদ সঞ্জয় কাঠুরিয়া, কনফেডারেশন অব ইন্ডিয়ান ইন্ডাস্ট্রিজ (সিআইআই)-এর মহাপরিচালক চন্দ্রজিৎ বন্দ্যোপাধ্যায় উপস্থিত ছিলেন। নির্মলা জানান, আগামী দিনে বিনা বাধায় সবাই বাণিজ্য করুক এটাই কাম্য। সম্মেলনের বাইরে তোফায়েল আহমেদ অন্যদের সঙ্গে দ্বিপক্ষীয় বিষয় নিয়েও আলাপ করেন। সন্ধ্যায় তিনি দেখা করেন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের সঙ্গে। আজ ভারতের বাণিজ্যমন্ত্রী নির্মলা সীতারামনের সঙ্গে বৈঠক শেষে বাণিজ্যমন্ত্রী ঢাকা ফিরে যাবেন।