প্রতিরক্ষা ব্যয় আরও বাড়াল জাপান
প্রায় পাঁচ ট্রিলিয়ন ইয়েনের (৪ হাজার ২০০ কোটি ডলার) রেকর্ড অঙ্কের প্রতিরক্ষা বাজেট অনুমোদন করেছে জাপানের মন্ত্রিসভা। জলসীমা নিয়ে প্রভাবশালী প্রতিবেশী চীনের সঙ্গে দীর্ঘদিনের বিরোধ সম্প্রতি আরও চাঙা হওয়ার প্রেক্ষাপটে এ বাজেট এল। এ নিয়ে টানা তিন বছর জাপানের প্রতিরক্ষা বাজেট উর্ধ্বমূখী থাকল। খবর বিবিসির।
গত অর্থবছরে প্রতিরক্ষা খাতে যে বাজেট অনুমোদিত হয়েছিল, এবারেরটি তার চেয়ে ২ দশমিক ৮ শতাংশ বেশি। এ নিয়ে টানা তৃতীয় বছর সামরিক বাজেট বাড়ানো হলেও আগের এক দশক ধরে দেশটি এ খাতে ব্যয় সংকোচনের পথ ধরেছিল।
জাপানের প্রতিরক্ষামন্ত্রী জেনারেল নাকাতিনি বলেছেন, চারপাশের ‘পরিবর্তিত পরিস্থিতি’ মোকাবিলায় প্রতিরক্ষা বাজেট বাড়ানোর দরকার ছিল। তিনি সরাসরি না বললেও জলসীমা নিয়ে চীনের সঙ্গে সাম্প্রতিক উত্তেজনাই যে এই ‘পরিবর্তিত পরিস্থিতি’, তা নিয়ে পর্যবেক্ষকেরা নিঃসন্দেহ।
এ বছরের বাজেটের অর্থে টহল বিমান ও জাহাজ কেনা হবে বলে ধারণা করা হচ্ছে। এর মধ্যে থাকবে ২০টি সামুদ্রিক টহল বিমান ও পাঁচটি সমন্বয়কারী আকাশযান, যেখানে উড়োজাহাজের পাশাপাশি হেলিকপ্টারও থাকবে।
দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কাল যুদ্ধংদেহী ভূমিকার কারণে ওই যুদ্ধের পর পরাজিত অক্ষশক্তির অংশ জাপানকে সামরিক শক্তিমত্তা হ্রাসে বাধ্য করা হয়। দেশটির সংবিধানও সেভাবেই সাজানো হয়। এ কারণে সামরিক বিষয়ে জাপান দীর্ঘদিন ধরে নিষ্ক্রিয় অবস্থানে রয়েছে। তবে গত বছর দেশটির প্রধানমন্ত্রী শিনজো আবে সংবিধান সংশোধনের মাধ্যমে সেই নীতি থেকে সরে আসতে সক্ষম হন।