আফগানিস্তানের প্রতিরক্ষামন্ত্রী আবদুল্লাহ হাবিবি ও সেনাপ্রধান কাদাম শাহ শাহিম পদত্যাগ করেছেন। মাজার-ই-শরিফ শহরের কাছের সামরিক ঘাঁটিতে তালেবান হামলার জেরে তাঁরা পদত্যাগ করেছেন বলে ধারণা করা হচ্ছে। এ ছাড়া দায়িত্বে অবহেলার জন্য দুই জেনারেলসহ ১২ জন সেনা কর্মকর্তাকে চাকরিচ্যুত করা হয়েছে।
এদিকে, যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী জেমস ম্যাটিস হঠাৎ করেই গতকাল সোমবার আফগানিস্তান সফরে গেছেন।
প্রেসিডেন্টের প্রাসাদ থেকে এক বিবৃতিতে শুধু জানানো হয়েছে, ‘প্রেসিডেন্ট আশরাফ গনি প্রতিরক্ষামন্ত্রী ও সেনাপ্রধানের পদত্যাগপত্র গ্রহণ করেছেন।’
উত্তর আফগানিস্তানের মাজার-ই-শরিফ শহরের কাছের ওই সেনাঘাঁটিতে গত শুক্রবার রক্তক্ষয়ী হামলায় সরকারের দেওয়া তথ্য অনুযায়ী শতাধিক সেনা নিহত হন। তালেবান জঙ্গিরা সেনার ছদ্মবেশে সামরিক যানে করে ওই ঘাঁটিতে হামলা চালায়। হামলায় নিহত সেনাদের স্মরণে গত রোববার জাতীয় শোক পালন করা হয়।
হামলার পর থেকেই আফগানিস্তানের সাধারণ মানুষসহ বিভিন্ন মহল ক্ষোভ প্রকাশ করে সরকারের মন্ত্রী ও সেনা কমান্ডারদের পদত্যাগ দাবি করেন। অনেকেই প্রতিরক্ষামন্ত্রী আবদুল্লাহ হাবিবিকে পদ থেকে সরে দাঁড়ানোর আহ্বান জানান। সামরিক বিশ্লেষকেরাও ‘গোয়েন্দা বিভাগের সম্পূর্ণ ব্যর্থতাকে’ এ হামলার জন্য দায়ী করেছেন। এর পরপরই প্রতিরক্ষামন্ত্রী ও সেনাপ্রধান পদত্যাগ করলেন। এ ছাড়া দায়িত্বে অবহেলার জন্য দুই জেনারেলসহ ১২ সেনা কর্মকর্তাকে চাকরিচ্যুত করা হয়েছে।
এদিকে বার্তা সংস্থা রয়টার্স জানায়, হঠাৎ করেই গতকাল সোমবার কাবুল সফরে গেছেন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী জেমস ম্যাটিস। তালেবান জঙ্গিদের উত্থানসহ নানা বিষয়ে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানের ব্যাপারে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের কৌশল নির্ধারণের অংশ হিসেবেই ম্যাটিস এ সফর করছেন বলে ধারণা করা হচ্ছে।