ইরান অভিযোগ করেছে, ছয় বিশ্বশক্তি আগের দেওয়া প্রতিশ্রুতি থেকে পিছু হটছে এবং পরমাণু আলোচনায় নতুন করে ‘সীমারেখা’ টেনে দিচ্ছে। সমঝোতা ছাড়াই চূড়ান্ত চুক্তির জন্য আরেক দফা বাড়ানো সময়সীমা গতকাল শুক্রবার শেষ হয়। এদিনই অভিযোগটি করেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাভেদ জারিফ।
তবে জার্মানি আশা প্রকাশ করে বলেছে, তারা মনে করে ছয় বিশ্বশক্তির সঙ্গে ইরানের চুক্তি আগামী কয়েক দিনের মধ্যেই সম্পন্ন হতে পারে। খবর বিবিসি, এএফপি ও রয়টার্সের।
তেহরানের বিতর্কিত পরমাণু কর্মসূচি নিয়ে চূড়ান্ত চুক্তির লক্ষ্যে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, রাশিয়া, ফ্রান্স, জার্মানি ও চীনের পররাষ্ট্রমন্ত্রীদের আলোচনা চলছে। অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় চলা এই আলোচনা সম্পর্কে ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাভেদ জারিফ গতকাল বলেন, আলোচনায় কিছুটা অগ্রগতি হয়েছে। তবে গতকালের মধ্যে চূড়ান্ত চুক্তি যে সম্ভব নয়, সেই ইঙ্গিতও দেন তিনি। জাভেদ বলেন, আলোচনা আরও কয়েক দিন গড়াতে পারে।
নাম প্রকাশ না করার শর্তে ইরানের একজন শীর্ষ সরকারি কর্মকর্তাও গতকাল বলেন, যুক্তরাষ্ট্রসহ ছয় বিশ্বশক্তি পিছুটান দিচ্ছে। গত এপ্রিলে অনুষ্ঠিত সমঝোতা চুক্তি অনুযায়ী চূড়ান্ত চুক্তির শর্ত থেকে সরে যাচ্ছে। এখন নতুন নতুন শর্ত আরোপ করছে। তিনি অভিযোগ করেন, হঠাৎ করে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, ফ্রান্স ও জার্মানি নিজ নিজ চূড়ান্ত সীমা টানতে শুরু করেছে।
ইরানের পারমাণবিক কর্মসূচি সীমিতকরণ ও দেশটির ওপর থেকে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমের দেশগুলোর অর্থনৈতিক অবরোধ তুলে নেওয়ার বিষয়ে একটি চূড়ান্ত চুক্তিতে পৌঁছার লক্ষ্যে বেশ কয়েক সপ্তাহ ধরে পর্যায়ক্রমে চলছে এই আলোচনা।
ছয় বিশ্বশক্তির ‘আগের অবস্থান পরিবর্তন’ সম্পর্কে ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এখন তারা অতিরিক্ত শর্ত জুড়ে দিচ্ছে। মুশকিল হলো, ছয়টি দেশের নিজেদের মধ্যেও মতপার্থক্য আছে। এ জন্যই সমঝোতায় পৌঁছানো কঠিন হয়ে উঠেছে।’
বৃহস্পতিবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি ইঙ্গিত দিয়েছিলেন, ওয়াশিংটনের ধৈর্যচ্যুতি ঘটতে পারে। তিনি বলেন, ‘আলোচনা এবং চুক্তি নিয়ে তাড়াহুড়োর কিছু নেই। কিন্তু এ জন্য আমরা অনাদিকাল অপেক্ষা করতে পারব না।’ কেরি হুঁশিয়ারি দেন, ‘যদি কঠিন সিদ্ধান্ত আমরা নিতে না পারি, তাহলে সব প্রক্রিয়া সমাপ্ত ঘোষণার প্রস্তুতিও আমাদের আছে।’
কেরির এই মন্তব্য সম্পর্কে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শীর্ষ উপদেষ্টা আলী আকবর বেলায়েতি বলেন, এটি ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের মনস্তাত্ত্বিক যুদ্ধের অংশবিশেষ।
বৃহস্পতিবার রাশিয়ার উফা শহরে ব্রিকস শীর্ষ সম্মেলনে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ সাংবাদিকদের বলেছিলেন, ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে একটি চূড়ান্ত চুক্তি প্রায় হয়ে গেছে।
পশ্চিমের দেশগুলোর অভিযোগ, ইরান পারমাণবিক বোমা তৈরির চেষ্টা করছে। তবে এই অভিযোগ অস্বীকার করে তেহরান বলে আসছে, তাদের কর্মসূচি সম্পূর্ণ শান্তিপূর্ণ।