প্রত্ন-পর্যটনের পরবর্তী গন্তব্য সৌদি আরব?

সৌদি আরবের উত্তর-পশ্চিমাঞ্চলের আল-উলা এলাকায় বিস্ময়কর সব প্রত্নতাত্ত্বিক নিদর্শনের খোঁজ মিলেছে। এর মধ্যে রয়েছে বৃত্তাকার ও বর্গাকার দেয়াল, ত্রিকোণাকৃতির কাঠামো, প্রাচীন সমাধি। ২২ হাজার ৫০০ বর্গকিলোমিটার এলাকার এ প্রত্নতাত্ত্বিক সম্পদই কাজে লাগাতে চায় দেশটি। তারা আর শুধু তেল রপ্তানির ওপর নির্ভরশীল থাকতে চায় না।
এই প্রত্ন-সম্পদের খোঁজে গত মার্চ মাসে আন্তর্জাতিক একটি দল জরিপ শুরু করে। দলটি জানায়, ইতিমধ্যে তারা কয়েক হাজার প্রত্নতাত্ত্বিক নিদর্শনের সন্ধান পেয়েছে।
এ প্রত্নতাত্ত্বিক গবেষণার জন্য গত বছরের জুলাইয়ে গঠন করা হয় আল-উলা রয়েল কমিশন (আরসিইউ)। এটির প্রধান নির্বাহী কর্মকর্তা আমর আল মাদানি আশা করেন, আগামী চার বছরের মধ্যে এখানে প্রথম দর্শনার্থী আসবে। প্রকল্পের কাজ পুরোপুরি শেষ হলে ২০৩৫ সাল নাগাদ এখানে বার্ষিক ১৫ লাখ পর্যটক আসবে।
এ প্রসঙ্গে উল্লেখ করা প্রয়োজন যে ২০১৬ সালে জর্ডানের পেত্রা নগরে ৪ লাখ ৬৪ হাজার পর্যটক ও মিসর ৫৪ লাখ পর্যটক ভ্রমণ করেন।
আল মাদানি বলেন, ‘আল-উলা হবে ঐতিহ্য, প্রকৃতি ও সংস্কৃতির জাদুঘর। এটা মানুষকে বিস্মিত করবে ও আনন্দ দেবে।’

সৌদি পর্যটনের সূচনা?
এখন পর্যন্ত সৌদি আরবে আন্তর্জাতিক যত পর্যটক যান, তারা হয় ব্যবসা অথবা হজ পালনের জন্য সেখানে যান। কিন্তু সৌদি সরকার বলছে, তারা অর্থনৈতিক সংস্কারের অংশ হিসেবে তেল রপ্তানির ওপর নির্ভরশীলতা কমিয়ে মৌলিক পর্যটনের জন্য সৌদি আরবকে উন্মুক্ত করে দেবে। এ জন্য তারা ভিশন ২০৩০ প্রণয়ন করেছে।
আল-উলা ছাড়াও সৌদি আরব লোহিত সাগরের তীরে কয়েকটি পর্যটন কেন্দ্র (রিসোর্ট) গড়ছে। রিয়াদে নির্মাণ করা হচ্ছে থিম পার্ক।
দেশটির ঐতিহ্য-পর্যটনের মূল আকর্ষণ আল উলার মাদা’ইন সালিহ। এখানে পাথরের ১১১টি সমাধি রয়েছে। ইউনেসকো ঘোষিত দেশটির চারটি বিশ্ব ঐতিহ্যের একটি এখানে অবস্থিত। মাদা’ইন সালিহ নির্মিত হয় নাবাতিয়ান সভ্যতার সময়। এই একই সভ্যতা গড়েছে জর্ডানের বিখ্যাত পেত্রা নগরী। মাদা’ইন সালিহসহ আল-উলার মূল নিদর্শনগুলো বর্তমানে পর্যটকদের জন্য উন্মুক্ত নয়।
গত বছরের সেপ্টেম্বরে প্রত্নতাত্ত্বিক ও সাংস্কৃতিক ঐতিহ্য বিভাগ প্রতিষ্ঠা করতে আরসিইউ লন্ডনভিত্তিক আমেরিকান প্রত্নতাত্ত্বিক রেবেকা ফুটির সঙ্গে চুক্তি করে। তাঁর প্রথম প্রকল্প হলো জরিপ। এ জরিপের অধীনে এখানে অতীতের সব মনুষ্য কর্মকাণ্ডের প্রমাণ সংগ্রহ ও তার একটি তালিকা তৈরি করা হয়। এ তালিকা ধরে পরে ঠিক হবে কোন নিদর্শনের ওপর পরবর্তী গবেষণা হবে এবং তা সংরক্ষণ ও পর্যটনের জন্য উন্নয়ন করা হবে। ফুটি বলেন, ‘এটা অপূর্ব সুযোগ। অনেকটা শান্ত এ এলাকায় বৃহৎ পরিসরে এ ধরনের অত্যাধুনিক ও সমন্বিত জরিপের সুযোগ আপনি খুব কমই পাবেন।’
এ জরিপে নেতৃত্ব দিয়েছেন ডেভিড কেনেডি। আল-উলা উপত্যকায় একসময় প্রচুর পানি ছিল। এ পথেই হাজার হাজার বছর ধরে মানুষ চলাচল করত। পরিবহন করা হতো বাণিজ্যিক পণ্য। লোহিত সাগর দিয়ে নিরাপদে নৌযান চলাচল শুরু হলে এ পথ বাতিল হয়ে যায়।

ফুটি বলেন, এখানকার প্রথম প্রধান শহর দেদানের গোড়াপত্তন হয় যিশুখ্রিষ্টের জন্মের এক হাজার বছর আগে। এটি এখন আল-খুরাইবাহ হিসেবে পরিচিত। তিনি বলেন, এ পথেই এক দ্বীপ থেকে আরেক দ্বীপের সংযোগ স্থাপিত হয়। এসব দ্বীপ থেকেই মানুষ ও অন্য প্রাণীর জন্য পানি সরবরাহ হতো।
ফুটি বলেন, এই উপত্যকা শত শত বছর ধরে অপেক্ষাকৃত শান্ত ছিল। এরপর মধ্যপ্রাচ্যে ইসলাম প্রতিষ্ঠিত হলে এটি আবার গতিশীল হয়ে ওঠে।
কয়েক বছর ধরে প্রত্নতত্ত্ববিদেরা এখানকার মাদা’ইন সালিহ, আল-খুরাইবি ও আল-উলা ওল্ড টাউনের মূল এলাকায় গবেষণা পরিচালনা করে। আল-উলা ওল্ড টাউন মাটির ঘর ও পাথরের গোলকধাঁধার একটি ভৌতিক শহর হিসেবে পরিচিত। ফুটির মতে, এখানে ১২ শতক থেকে ১৯৮০-র দশক পর্যন্ত জনবসতি ছিল।
এবারের জরিপের আওতায় নতুন নতুন এলাকা—যেসব জায়গায় আগে কোনো গবেষণা হয়নি—অন্তর্ভুক্ত করে অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহার করা হয়।
মূল এলাকার জরিপে নেতৃত্ব দেন জ্যামি কোয়ার্টারমেইন। তিনি বলেন, ‘আমরা যেভাবে গবেষণা করছি তা আগে সম্ভব হয়নি। আগে প্রচলিত স্থল জরিপপদ্ধতির প্রয়োগ হতো। আমাদের জরিপ শুরু হয় ছোট হেলিকপ্টারে স্ক্যানার ও ক্যামেরা নিয়ে।’ আকাশ থেকে ক্যামেরা দিয়ে উচ্চ-রেজ্যুলেশনের ছবি তোলা হয়। আর স্ক্যানারে লিডার (লাইট ইমেজিং, ডিটেকশন অ্যান্ড রেঞ্জিং) প্রযুক্তির মাধ্যমে ভূমিতে লেজার রশ্মি ফেলা হয় এবং প্রতিটি স্থান বিশ্লেষণ করা হয়। এভাবে আলোকচিত্র ও লিডাররের তথ্য মিলিয়ে একটি থ্রিডি মানচিত্র তৈরি করা হয়। এটি দিয়ে গুগল আর্থের চেয়েও বিস্তারিত চিত্র পাওয়া যায়।

কোয়ার্টারমেইন বলেন, কেবল স্থল গবেষণার মাধ্যমেই পাথরের শিল্পকর্ম ও শিলালিপি দৃশ্যমান হয়। পাথরের লেখাগুলো অ্যারামিক, অ্যারাবিক, নাবাতিয়ান, গ্রিক ও ল্যাটিন ভাষার। সময় ও মেধা না থাকায় এগুলো অনুবাদ করা যায়নি। পাথরে জিরাফ, উটপাখি, হাতি ও উটের ছবি এবং শিকারের দৃশ্য রয়েছে। তিনি বলেন, জিরাফ ও উটপাখি খ্রিষ্টপূর্ব ছয় হাজার বছরের হতে পারে। জলবায়ু পরিবর্তনের চিত্র বলছে, ওই সময়ের পর এই এলাকা তৃণভূমি থেকে মরুভূমিতে পরিণত হয়। এ পরিস্থিতিতে ওই সব প্রাণী দক্ষিণ দিকে বর্তমান আবাস আফ্রিকায় চলে যায়।
আল-উলায় বেশি আবিষ্কার হয়েছে পাথরের কাঠামো। এর মধ্যে রয়েছে সমাধি, মূর্তি এবং বৃত্তাকার ও বর্গাকার দেয়াল। এগুলো অনেক প্রাচীন; কেউ তা ধারণাও করতে পারবে না। তিনি বলেন, ‘আমরা তারিখ যাচাই করতে পারিনি। তবে মনে হচ্ছে, এটা খ্রিষ্টপূর্ব চার হাজার বছরের। কোনো কোনোটি নিওলিথিক সময়ের অর্থাৎ খ্রিষ্টপূর্ব সাড়ে ৪ হাজার থেকে ১০ হাজার বছরের।
একইভাবে বিস্মিত কেনেডিও। তিনি বলেন, ‘১০ দিন উড়ে আমরা প্রায় চার হাজার নিদর্শন দেখেছি। সবচেয়ে বিভ্রান্তিকর হলো ‘গেট (ফটক)’। পাথরের কাঠামোর স্বল্প উঁচু ও বিস্তীর্ণ এলাকার এসব গেট একেবারেই স্বতন্ত্র। এগুলোর কোনো প্রবেশদ্বার নেই। আমি জানি না এগুলো কী কাজে ব্যবহৃত হতো।’ জরিপের তথ্য বিশ্লেষণ করে এগুলো সম্পর্কে জানা যেতে পারে বলেও তিনি উল্লেখ করেন।

পর্যটকেরা সৌদিতে আসবেন?
বিশ্বের বিভিন্ন দেশের বিশেষজ্ঞদের নিয়ে সৌদি আরব আল-উলার উন্নয়নকাজ করছে। এ জন্য গত এপ্রিলে তারা ফ্রান্সের সঙ্গে ১০ বছরের একটি চুক্তি করেছে। এ চুক্তির আওতায় হোটেল, পরিবহন অবকাঠামো এবং একটি বিশ্বমানের সংস্কৃতি ও চিত্রশিল্পের জাদুঘর নির্মাণ হবে। আল-মাদানি ধারণা করছেন, দর্শনার্থীদের ৫০ শতাংশ হবে সৌদি আরবসহ উপসাগরীয় এলাকার দেশগুলোর। বাকি ৫০ শতাংশ আসবে বাইরের দেশগুলো থেকে।
কিন্তু এখন গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো, রক্ষণশীল ইসলামি জনগোষ্ঠী ও মূল্যবোধ নিয়ে সৌদি আরব আন্তর্জাতিক পর্যটনের সঙ্গে মিল রেখে চলতে পারবে? খবর পাওয়া গেছে, ২৫ বছরের বেশি বয়সের নারীদের অভিভাবক বা পুরুষ সঙ্গী ছাড়াই পর্যটন এলাকায় ঘুরতে হবে এবং তীব্র তাপমাত্রার মধ্যেও বড় কাপড় পরতে হবে।
এ পরিপ্রেক্ষিতে প্রত্নতত্ত্ববিদ ও ঐতিহাসিক নিল ফকনার বলেন, ‘আমি মনে করি, সৌদি আরব প্রতিযোগিতায় জর্ডানের সঙ্গে পেরে উঠবে না। কারণ মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে জর্ডানে সামাজিক নিয়মকানুন অনেক বেশি শিথিল।’
আল মাদানির বিশ্বাস, পর্যটকদের একান্ত আকাঙ্ক্ষা থাকে নতুন স্থানে বেড়ানো। তাই এটি কোনো সমস্যা হয়ে দাঁড়াবে না। তিনি বলেন, ‘তারা এখানে একবার এলেই আমাদের অকৃত্রিমতা ও আতিথেয়তায় মুগ্ধ হবে। পাশাপাশি তারা আমাদের ঐতিহ্য ও রীতি-নীতি মেনে নেবে এবং সামাজিক আচার-আচরণ ও মূল্যবোধের প্রতি সম্মান দেখাবে।’
ফকনার বলেন, দ্বিতীয় বাধা হলো মধ্যপ্রাচ্য সম্পর্কে নেতিবাচক ধারণা। পশ্চিমা পর্যটকেরা মধ্যপ্রাচ্যকে ভয়াবহ, অস্থিতিশীল ও সম্ভাব্য শত্রু মনে করেন। এটা এ অঞ্চলের সাংস্কৃতিক পর্যটনের ওপর গত ১৫ বছর ব্যাপক নেতিবাচক প্রভাব ফেলেছে। তিনি বলেন, অপেক্ষাকৃত নিরাপদ গন্তব্যেও পর্যটনশিল্প সংকুচিত হয়েছে। এ ছাড়া ইয়েমেনের সঙ্গে যুদ্ধে জড়ানো ও ইরানের সঙ্গে দীর্ঘদিনের বিবাদের কারণেও সৌদি আরবকে তীব্র বাধার মুখে পড়তে হবে।
আল মাদানি বলেন, ‘নিরাপত্তা অবশ্যই গুরুত্বপূর্ণ বিষয়। সাম্প্রতিক বছরগুলোতে সৌদি আরবে এমন কিছু ঘটেনি, যা পর্যটক বা ভ্রমণকারীদের নিরুৎসাহিত করতে পারে। পরিস্থিতি যাতে এ রকম থাকে, তা নিশ্চিত করতে আমরা কঠোর পরিশ্রম করে যাব।’