প্রথম চীন সফরে গেলেন সু চি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অং সাং সু চি
অং সাং সু চি

মিয়ানমারের বিরোধীদলীয় নেত্রী গতকাল বুধবার প্রথমবারের মতো চীন সফরে গেলেন। দুই দেশের মধ্যে চলা উত্তেজনার প্রেক্ষাপটে চীনে গেছেন মিয়ানমারের গণতন্ত্রপন্থী এই নেত্রী। খবর এএফপির।
চীনে সু চি দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং এবং প্রধানমন্ত্রী লি কেছিয়াংয়ের সঙ্গে বৈঠক করবেন। ওই সফর নিয়ে তাৎক্ষণিকভাবে এর বেশি কিছু জানা যায়নি। দুই দেশের সীমান্তে সন্ত্রাসী তৎপরতার কারণে চীন ও মিয়ানমারের মধ্যে সম্পর্ক কয়েক বছর ধরে বেশ শীতল।
৬৯ বছর বয়সী সু চি গতকাল বিকেলে বেইজিংয়ের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। পরে কড়া পুলিশি নিরাপত্তার মধ্য দিয়ে তিনি একটি কালো গাড়িতে ওঠেন। এ সময় তাঁর সঙ্গে ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি (এনএলডি) দলের একদল নেতা-কর্মী ছিলেন।
ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে সু চি আগামী রোববার পর্যন্ত চীন সফরে থাকবেন।
মিয়ানমার সরকার দেশটির পূর্বাঞ্চলীয় প্রদেশ কোকাং এলাকায় বিদ্রোহীদের সঙ্গে লড়াই চালাচ্ছে। চীনের ইয়ানুন প্রদেশের সঙ্গে এলাকাটির সীমান্ত আছে।
মিয়ানমার সীমান্তে সন্ত্রাসী তৎপরতা নিয়ে চীন উদ্বিগ্ন। গত মার্চ মাসে বিদ্রোহী দমন অভিযানের সময় মিয়ানমারের বিমানবাহিনীর একটি যুদ্ধবিমান সীমান্তের ঠিক ওপারেই চীনের ইয়ানুনের একটি আখখেতে বোমা ফেললে পাঁচজন নিহত হয়। এ ঘটনার প্রতিক্রিয়ায় চীন ওই এলাকায় সেনা পাঠায়।
মিয়ানমারের সরকারি দপ্তর বলছে, ওই সফরের বিস্তারিত কিছু তারা জানাবে না। রাষ্ট্রনিয়ন্ত্রিত গণমাধ্যম ছাড়া অন্য কোনো গণমাধ্যমকে আমন্ত্রণও জানানো হয়নি এ সফরে।
চীনের সঙ্গে সম্পর্ক উন্নয়নের জন্যই সু চির এই সফর বলে মনে করা হচ্ছে।